
হঠাৎ তখন মধ্যরাতে ঝড়
বুকের ভেতর নামলো আঁধার খুব,
বাঁচবো বলে আঁকড়েছি যেই খড়
আকাশ তোমার বদলে গেলো রূপ।
ভোররাতে কে কপাল ছুঁয়ে ছিলো
ঠিক তখনই চোখ জড়ানো ঘুম,
জানান দিয়েই হঠাৎ গেলো চলে
যেমন গেছে বিদায়ী মরশুম।
আলটুসি মন কৃষ্ণচূড়ার মতো
রাঙায় ঘরের বসন্ত ফুলদানি,
ফাগুন শেষে আবার প্রিয় তার
সুদীর্ঘ এক বিষন্ন ব্যালকনি।
এইভাবে দিন নিত্য যে বদলায়
লালের পরে দিব্যি আসে নীল
প্রেমেও কি কেউ জর্জরিত হয়?
আমি যখন ছন্দে সাবলীল।



