
শাহজালাল সুজন
আকাশ জুড়ে প্রদীপ ছুঁড়ে
মৃদু হেসে দোলে ভেসে
দূর গগনে চাঁদ,
জোনাক জ্বলে সন্ধ্যা হলে
সবুজ গায়ে ছন্দ বায়ে
পাতছে রূপের ফাঁদ।
শীতের ছোঁয়া শুভ্র ধোঁয়া
করে খেলা রাতের বেলা
ঝিরি হাওয়া বয়,
শ্যামের অঙ্গে মিশে রঙে
গাঁথে মালা সাজায় ডালা
চুপিসারে কয়।
সোনা ঝরা রোদের ধরা
সিক্ত বনে লাজুক মনে
প্রকৃতি হয় চুপ,
ছোঁয়া পেয়ে ভোরে গেয়ে
ঘোমটা খুলে রোদের কুলে
এই পৌষালী রূপ।



