
শাহানাজ শিউলী
তুমি চলে গেছো তাই—
শ্রাবণী বৃষ্টি এলো না ধরাতে
চোখের ভিতর খেলে না মেঘের কুণ্ডলী
চৈত্রের খরার মতো ফাটল বুকটার হাহাকারে শুকিয়ে গেছে অশ্রুবারি।
বিরহের বাদ্য বাজে নির্দয় শূন্যতার আকাশে।
তুমি চলে গেছো তাই—
ভোরের শুকতারা ঝরে ঝরে পড়ে শিউলি ফুলের মতো
কচি দূর্বাঘাসে।
মেহেদি পাতার রঙের লাল কষ্টরা মিটমিট করে জ্বলে নক্ষত্রের আলোয়।
স্বর্গের সিঁড়ি বেয়ে তুমি চলে গেছো সীমাহীন রাজ্যপটে
তাই আমার ভালবাসার কলাপাতা দোলানো ঘরটা দুলতে থাকে দুঃখের হাওয়ায়।
মনের গোপন কোঠায় কাটা বাঁধে নির্লিপ্ত তৃষা
বধির অনুভূতিগুলো হামাগুড়ি দিয়ে চেয়ে থাকে তোমার প্রস্থানের দিকে।
তুমি চলে গেছো তাই—
অবলা যন্ত্রণায় জর্জরিত হৃদয়খানি খোড়া হয়ে বেঁচে আছে পলাতক হাসি দিয়ে।
নির্ঘুম চোখদুটি ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকে নিষ্ঠুর আকাশে
হৃদয়ভাঙ্গা শব্দে হাহাকার করে মাটি
নিষ্ঠুর গন্তব্যে চলে গেছো নিঃসঙ্গ করে
এ কেমন নিষ্ঠুর, নির্দয় প্রস্থান তোমার!



