গল্পসাহিত্য

বনফুল

মুক্তিযুদ্ধের গল্প

সিরাজুল ইসলাম


একা একা মুখ বুজে মদ পান করা ভারি বিরক্তিকর কাজ। কিন্তু তার আর অন্য কোনো উপায় ছিলো না। অন্য সাথীরা এখানে কেউ নেই। একসাথে বেশি পরিমাণে মদ খেতে সে অভ্যস্ত না। সকালবেলা নিকুতনি খোঁজ নিতে দেখতে পায়, ওর ফ্রিজে একটা পূর্ণ হুইস্কির বোতল অভুক্ত রয়ে গেছে। পরদিন, সে এই দেশ ছেড়ে চলে যাবে। মদের বোতলটা এরকম অবহেলা করে ফেলে যাওয়াটা ঠিক নয়। তার ওপর সত্যিকার অর্থেই সে কর্মহীন। ঘর থেকে বেরুনোরও উপায় নেই। তাই সে সকালবেলায়ই মদের বোতলটা খুলে বসেছিলো। মদ পান করার বিশেষ গ্লাসটা আর প্লাস্টিকের পাত্রে জমানো টুকরো টুকরো বরফ।

নিকুতনির খালি গা। পরনে শুধু নাভির উপর পর্যন্ত উঠানো রং চটা জিন্সের প্যান্ট। বিশাল থলথলে শরীর। আসলে ওর অনেক বয়স হয়ে গিয়েছিলো। বুক জুড়ে বড় বড় ধবধবে সাদা লোম। আদুরে ভেড়ার শরীরের কথা মনে করিয়ে দেয়। সে তুলনায় টাক ভরা মাথার চুল সব সাদা হয়ে যায় নি।

অতিরিক্ত মদ্যপানের জন্য চোখ ঈষৎ লাল। ঘরের মধ্যে দিবারাত্রি একটা চাপা শব্দ নিয়ে এয়ার কুলার চলে, তার ঝিরঝির শীতল হাওয়া। তবু শরীরে বাড়তি তাপ অনুভব হয়। মাথার উপরকার পাখাটা লক্ষ্য করে নিকুতনি, সেটা চালিয়ে দিলে হয়।
বাথরুম পরিষ্কার শেষ হলে পানির ভরা বালতি আর ভেজা কাপড় নিয়ে নিকুতনির ঘরে এলো আদুরী। সবগুলো ঘরের মেঝে মুছে দেবে। এ-ঘরে অবশ্য বড় একটা কার্পেট পাতা। কিন্তু ড্রইংরুম হিসেবে ব্যবহার করা এই ঘরটা সত্যিই বিশাল, বিরাট কার্পেটে মাত্র অর্ধেকাংশ ঢাকা পড়েছে।

নিকুতনি আদুরীকেই পাখাটা ছেড়ে দেওয়ার কথা বললো। ঘর মুছতে মুছতে আদুরী বললো, সাহেব কালই তো তুমি দেশে ফিরে যাচ্ছো!

গ্লাসের তরল পদার্থ একেবারে তলানিতে এসে গিয়েছিলো, সেটা সে গলায় ঢেলে দিয়ে শুধু বললো,হুঁ।

আদুরী দীর্ঘদিন ধরে এই সব বিদেশিদের সুইপার হিসেবে কাজ করে। ওর এই চাকরিটা সম্পূর্ণ অস্থায়ী। রোজ হিসেবে পয়সা, ডেইলি লেবার। বিদেশি লোকগুলো নিজেরাও ভালো ইংরেজি জানে না। বাঙালিদের সঙ্গে সবসময় কাজ করতে হবে বলে কাজ চালানোর মতো ইংরেজি শিখে নেয়। ভাষা শেখা তো না, আসলে সবসময় ব্যবহার্য কয়েকটা শব্দ। প্রায় সময়ই হাতের কাছে থাকে চেক- ইংরেজি অভিধান, অনেক সময় দেখা যায় কথার মাঝখানে অভিধান খুলছে ইংরেজি প্রতিশব্দের খোঁজে। ছয়-সাত বছরের অভিজ্ঞতায় আদুরীরও ওরকম ইংরেজি শেখা হয়ে গেছে। আবার সাহেবরা নিজেরা আগ্রহ করেও কিছু চলতি বাংলা শব্দ জেনে নেয়। তাই ইউরোপ থেকে আগত এইসব বিশেষজ্ঞদের সঙ্গে কথাবার্তার সময় ভাষার নিয়মকানুন সব জলে গেলেও ভাব-বিনিময়ে কোনো অসুবিধা হয় না।

এই দুপুর বেলায় আপন-মনে বিক্ষুব্ধ পূর্ব পাকিস্তানে বসে নিকুতনি মদ খাচ্ছে, আগামীকাল ঠিক এ সময়টায় সে কোথায় থাকবে, সময়ের হিসেব করে এ কথাটা সে ভেবে নেওয়ার চেষ্টা করছে। হয়তো থাকবে তখন সে ত্রিশ- চল্লিশ হাজার ফিট ওপরে একটা বিমানের পেটের ভেতর, অনেক নিচু দিয়ে ভেসে যাবে পুঞ্জ পুঞ্জ সাদা মেঘ। অথবা সে বসে আছে অন্য কোনো একটা বিদেশী বিমানবন্দরের লাউঞ্জে পরবর্তী বিমানের প্রতীক্ষায়।

সেই যুবক বয়স থেকে বিভিন্ন দেশ ঘোরা হলো কম নয়। পূর্ব পাকিস্তানে আসার আগে ছিলো রুমানিয়ায়। তার আগে মিশরে। তারও অনেক আগে থেকে, কাজ নিয়ে যখন ওকে দেশের বাইরে চলে আসতে হয় টানা কয়েক বছরের জন্য, সঙ্গে থাকে মেয়ে এলিসার ছেলেবেলার কাপড়ের তৈরি খেলনা পুতুলটা। ছোট্ট একটা কান লটপটানো কুকুর ছানা। হলুদ গায়ে রংয়ের সঙ্গে মিশে কালো কালো ফুটকি। খেলনা কুকুরটা সব সময় থাকে ওর শোয়ার ঘরে, চোখের সামনে। খেলনাটার গায়ে বয়স বসেছে , বয়সের ময়লা। ওই কুকুরটার মধ্যে অনেক বেশি করে নিজের মেয়েটাকে খুঁজে পায়। ওর সঙ্গে রয়েছে, পরিবারের সঙ্গে বিভিন্ন পরিবেশে তোলা বিস্তর ছবি। কিন্তু ছবিগুলো ঠিক ততোটা সঙ্গ দিতে পারে না। মনে হয় নিষ্প্রাণ, কিন্তু কুকুর পুতুলটা অন্যরকম।

গেল বছর এলিসার বিয়ে হয়ে গেলো। তার যাওয়া হয়ে ওঠে নি। সেদিন সে কাজে যায় নি। ক’জন দেশের সহকর্মীকে নিয়ে বসেছিলো ঘরে, একটা ছোট্ট পার্টির আয়োজন করেছিলো। বারবার সে হাত ঘুরিয়ে ঘড়ি দেখছিলো। ছিলো অঢেল পানীয় আর খাদ্যদ্রব্যের ব্যবস্থা। এত দূরে বসেও কল্পনায় বিয়ের অনুষ্ঠানের খুঁটিনাটি দেখতে পাচ্ছিলো। আর এই দেখার বিবরণ আত্মমগ্নভাবে শোনাচ্ছিলো বন্ধুদের। ওর কণ্ঠস্বর ছিলো ঈষৎ অস্ফুট, চোখ দুটো ছলোছলো।

ফেব্রুয়ারি মাসেই ঢাকার দূতাবাস থেকে নির্দেশ পাঠালো অবিলম্বে সবাইকে পূর্ব পাকিস্তান ত্যাগ করে স্বদেশে ফিরে যাওয়ার জন্য। বিস্ফোরণোন্মুখ পরিস্থিতি। আর ঝুঁকি নেয়া যায় না। এ সময়টায় প্রকল্পের কাজ চলছিলো পুরোদমে। নারী-শিশু সব মিলিয়ে ওরা তখন তেত্রিশ জন চেক নাগরিক খুলনায় বাস করছে। ফেব্রুয়ারির শেষে এসে সংখ্যাটা দাঁড়ালো তিনে। মার্চের মাঝামাঝি নিকুতনি থাকলো একলা। ওর মন টানছিলো। সে চাইছিলো আরো কিছুদিন এখানে সে থেকে যাবে। পঁচিশে মার্চ ক্রাকডাউন হলো ঢাকায়। ক’দিন সব ধরনের যোগাযোগ বন্ধ থাকার পর ঢাকা থেকে নির্দেশ এলো, অবিলম্বে তুমি এ-দেশ ত্যাগ করো।

একটু জোর দিয়েই নিকুতনি জানিয়েছিলো, না।

উত্তর এলো, তোমার ব্যাপারে আমাদের আর কোনো দায়িত্ব রইলো না।

সেকথাটা মেনে নিলো সে।

ঘটনা ঘটছিলো দ্রুত। দূতাবাস থেকে কঠোর নির্দেশ এলো, অবিলম্বে তোমাকে দেশ ত্যাগ করতে হবে। খুলনায় তোমার কোনো কাজ নেই। তুমি সেখানে বসে আছো। গুপ্তচরবৃত্তির অভিযোগে তুমি গ্রেফতার হবে।

মে মাসের প্রথম সপ্তাহে দেশে ফিরে যাচ্ছে নিকুতনি, পরদিন ভোরে আর্মির গাড়ি ওকে যশোর বিমানবন্দরে পৌঁছে দেবে। ওর মন বলছিলো, কিছুদিনের মধ্যেই সে ফিরে আসতে পারবে। কাজ অর্ধসমাপ্ত রেখে ওকে ফিরে যেতে হচ্ছে। দেশে ফিরেও সে শান্তি পাবে না। কাজ ওকে তাড়া করে ফিরবে। পাকিস্তানিদের পায়ের নিচে মাটি নেই। ওরা একটা ভুল যুদ্ধে নেমেছে। বাঙালির প্রতিরোধ দিনে দিনে আরো মারাত্মক হবে। এ যুগে এসে হিটলারের আয়ু খুব কম সময়ের।

আদুরীকে বললো নিকুতনি, আপাতত সময়টা মারাত্মক, আমি চলে যাচ্ছি, তুমিও ইন্ডিয়ায় চলে যাও।

সেকথাটা আগেও অনেকবার ভেবেছে আদুরী। আশেপাশের অনেকের খোঁজ নেই। নিশ্চয়ই ওরা চলে গেছে ইন্ডিয়ায়। আদুরী কোনোদিনও খুলনার বাইরে যায় নি। খুলনার বাইরে আরেকটা জগৎ আছে সেটা আগে কখনো মন দিয়ে মেনে নেয় নি। এখন মনে হয়, আছে। কিন্তু সমস্যা ছেলে শেখরের মারাত্মক হাঁপানি রোগ নিয়ে। এত টানাহ্যাঁচড়া ওকে দিয়ে সম্ভব না।ভারী কাজ করতে পারবে না বলে, ছেলেকে এই বয়স পর্যন্ত কাজে পাঠায় নি কখনো। ছেলে, ছেলের বউ, নাতি-নাতনির সংসারটা যেভাবে হোক সে টানে ওর দুই হাতে। ওর নতুন কোথাও যাওয়ার উপায় নেই।

আদুরী যে উত্তরটা মনে-প্রাণে ঠিক করে রেখেছিলো বহুদিন, বহু ভেবে চিন্তে বললো, আমার যীশু আছে। দেখো সাহেব, আমার কোনো ক্ষতি হবে না।

নিকুতনি বললো, তাই যেন হয়। তবু সাবধানে থেকো।

কতো সাহেব আসে যায়, কতোজনের সাথে কাজ করতে হয়। সবার কথা মনে ধরে রাখার উপায় নেই। কিন্তু এই নিকুতনি সাহেবের চলে যাওয়াটায় আদুরীর খারাপ লাগছে। সে দেখেছে, অনেক সাহেব এসে এখানে মন বসাতে পারে না। আর এই সাহেব যেতে চায় নি। সবাই চলে গেলো। সে থেকে গেলো একলা। কথায় কথায় বলেছে আদুরীকে, কাজ করতে গিয়ে দেখেছি বাঙালিরা জাতকুঁড়ে, ফাঁকিবাজ, আলসে। কোনো কাজে ওদের মন নেই। গরিব থাকা কোনো কাজের কথা নয়। সেকারণে সাতখুন মাফ নেই। আরে গরিব বলেই তো বেশি কাজ করবি ব্যাটারা। এরকম একটা বড় ধাক্কা দেওয়া ওদেরকে সত্যিই প্রয়োজন ছিলো। ভেতরে ওদের যে শক্তি তা তেড়ে-ফুঁড়ে বেরোবে, ওরা এবার তা নিজেরা দেখবে। ওরা জাগবে। এই জাগরণের মার নেই। চেক-ইংরেজি-বাংলার মিশেল‌ দিয়ে মনের সব কথা যেন নিকুতনি বোঝাতে পারছিলো আদুরীকে।

একটা সুযোগ যখন পেয়েছি এই জাগরণটা নিজের চোখে আমি দেখতে চাই। তোমরা জাগলে আমার কাজটা সহজ হয়।
সাহেবগুলো যে এক কথায় ভালো, সেকথা কখনো বলবে না আদুরী। মদ খেয়ে মাতাল হয়ে যা তা কান্ড করে। বাইরে থেকে বাজে মেয়ে-ছেলে এনে সকলের চোখের সামনে যা শুরু করে তা দেখা যায় না। আদুরীদের সঙ্গেও খারাপ ব্যবহার করে, বকাবকি। কিন্তু আশ্চর্য, ওই সাহেবগুলোর কাছে নিজের সুখ-দুঃখের কথাগুলো বলা যায়। আগ বাড়িয়ে বলতে হয় না, ওরাই খুঁটিয়ে খুঁটিয়ে জেনে নেয়। সাদা চামড়ার মানুষগুলো ওদের নিজেদের সমস্যার কথাও বলে, বুদ্ধি চায়, নিজের পরিবার পরিজনের কথা বলে, মন খারাপের কথা বলে। তখন দেশ-কাল-পাত্র কোনো কিছুর ব্যবধান থাকে না, মনে হয় আসলে ওরা এক পরিবারের লোক। কিন্তু বাঙালি সাহেবগুলো অন্যরকম, ওদের সঙ্গে শুধু ভয় পাওয়ার সম্পর্ক।

নিকুতনির সঙ্গে পাকিস্তানি টাকা বিশেষ অবশিষ্ট ছিলো না, তা থেকে দুইশত টাকা আদুরীকে দিলো। এ মুহূর্তে এই টাকাটা নিতে আদুরীর কেমন সংকোচ হলো। তবু অনেক টাকা- ওর দুই মাসের বেতনের সমান। তারওপর ওকে সম্ভবত সব বিদেশীরা চলে যাওয়ার কারণে বেকার থাকতে হবে। টাকাটা না নিয়ে উপায় ছিলো না।

আমার সঙ্গে বিশেষ জিনিসপত্র নেই, তোমার কোনোটার প্রয়োজন থাকলে চেয়ে নিতে পারো।

আমার কোনো কিছুর দরকার নেই, তোমাকে অনেক ধন্যবাদ।

তোমার ছেলের ঠান্ডার অসুখ আছে বলেছিলে, এই গরম জামাটা রাখো।

নিকুতনি স্যুটকেস থেকে বের করে দেয় গরম দামী একটা পোশাক।

ওর দুর্বলতাগুলো খুব ভালো জানে এই বিদেশী মানুষটি। গরম কাপড়টা নিয়ে বুকে জড়ায় আদুরী। উষ্ণতার পরশে জীবন্ত মনে হয় বুকে আঁকড়ে ধরা উলে বোনা সোয়েটার।

জড়ানো গলায় আদুরী বলে, তুমি তাড়াতাড়ি ফিরে এসো সাহেব।

রসিকতা করে বললো নিকুতনি, তুমি আমার জন্য মালা গেঁথে মালা হাতে বসে থাকবে?

কুটকুটে কালো বয়সী চামড়ার আদুরীর ঠোঁটে মিষ্টি একটা হাসি ফুটলো। এ কথার জবাব হয় না কোনো।

বাংলাদেশের জন্য প্রয়োজনীয় খুলনায় অবস্থিত অবকাঠামো প্রকল্পটির বাদবাকি কাজ শেষ করার জন্য বাংলাদেশ সরকার ও চেকোস্লোভাকিয়া সরকারের মধ্যে নতুন করে চুক্তি স্বাক্ষরিত হলো ১৯৭৬ সালে। নিকুতনি আগে এলো ওর তিনজন সঙ্গী নিয়ে। প্রয়োজনীয় অন্যান্য লোক নিকুতনির চাহিদা মোতাবেক পরে আসবে সময় মতো।

এসেই কাজে খুব গভীর ভাবে জড়িয়ে পড়তে হলো নিকুতনিকে। ওর যাওয়া আর আসার মধ্যে পাঁচটা বছর পার হয়ে গেছে। সময়টাই বড়ো কথা নয়। এ সময়টায় একটা জাতির ইতিহাস নতুনভাবে লেখা হয়ে গেছে। সে যেমনটা রেখে গিয়েছিলো, কোনো কিছুই আর সেরকম ছিলো না। প্রকল্পের জন্য প্রয়োজনীয় মালামালের বিরাট অংশটা ১৯৭১ সালের আগেই ওর দেশ থেকে পাঠিয়ে দেয়া হয়েছিলো। এখন দেখে, অযত্নে বহু মালামাল নষ্ট হয়ে গেছে । খোয়াও গেছে প্রচুর যন্ত্রপাতি। স্থানীয় যে সকল লোকদের সঙ্গে কাজ করতে হতো, তারাও অনেকে এখানে নেই। নতুন লোক। ওর মাথা খারাপ হয়ে যাওয়ার দশা।
কিন্তু এর চেয়েও প্রতিকূল পরিবেশে ওকে কাজ করতে হয়েছে। অভিজ্ঞতাই সবচেয়ে বড় শিক্ষক। অভিজ্ঞ মানুষটি দাঁত কামড়ে পরিস্থিতি সামলাতে চেষ্টা করে।

একটু যখন কাজ গুছিয়ে এনেছে, নিজের জন্য তখন কিছুটা সময় দিতে পারছে। মাঝখানে এরকম অবস্থা হয়েছিলো, নিয়মিত নাওয়া-খাওয়া সব বাদ। সেই অনিয়ম ওর শরীরকেও বিরক্ত করছিলো। আরো মানুষজন এসেছে দেশ থেকে। দু’একজন বুদ্ধি দিলো, এ সুযোগে দেশে কিছুদিন ছুটি কাটিয়ে এসো। শরীর-মন দুটিই ছুটি দাবি করছিলো। কিন্তু নিকুতনি ভেবে দেখলো, ওর অনুপস্থিতিতে আবার সবকিছু এলোমেলো হয়ে যেতে পারে। কাজ যখন শুরু হয়েছে, শেষ করেই ফিরবে সে।

পুরনো লোকজনের কথা খেয়াল করতে দেখে, একজন সুইপার আদুরী আর ওর কাছে আসে না।বর্তমানে যেসব সুইপার কাজ করে এবং ওদের সুপারভাইজার, ওদের কাছে আদুরীর খোঁজের চেষ্টা করে। কেউ কিছু বলতে পারে না। হয়তো সে এখন অন্য কোথাও কাজ করছে। এমনও হতে পারে খুলনাতেই নেই।

বিকেলবেলাটায় সময় পেলে, গাড়ি নিয়ে একলা শহরের আশেপাশে ঘোরার নিকুতনির অভ্যাস। সেরকম ঘোরাঘুরির সময়েই, সন্ধ্যার আগে আগে একদিন সে মুজগুন্নি গেলো। আদুরীর সেখানকার একটা বস্তিতে ঘর।

অনেকদিন আগে থেকেই আদুরী নিকুতনির কাছ কথা নিয়ে রেখেছিলো যে, এবারের বড়দিনের দিন সে আদুরীদের ঘরে যাবে। বড়দিনের আগের রাত, সারারাত জেগে খুব হৈচৈ কেটেছে। সকাল বেলাটায় ক্লান্ত লাগছিলো, সে মুহূর্তে রঙিন কাগজে মোড়ানো একটা প্যাকেট হাতে নিয়ে আদুরী এলো। সাহেবের জন্য বড়দিনের উপহার। কাঠের উপর সুন্দর কাজ করা যীশুর মূর্তি। নিকুতনির খুব পছন্দ হয়েছিল উপহারটা। অনেকগুলো অনুষ্ঠানে অংশ নিতে হয়েছে সেদিনটায় নিকুতনিকে। তার থেকে কিছুটা সময় বের করে কিছুক্ষণ আদুরীর ঘরে কাটিয়েছিলো। একটা মিষ্টান্ন করেছিলো ওরা। এমনিতে কখনো সে বাইরে খায় না। আদুরীদের আগ্রহে সাবধানতাটা সেদিন পালন করতে পারে নি। খাবারের স্বাদটা মন্দ ছিলো না। তবে বেশ লবণাক্ত। সে প্লেটের সম্পূর্ণ খাবার শেষ করেছিলো।

এখন আর আদুরীর সেই বস্তি এলাকাটা খুঁজে পাওয়া যায় না। নিকুতনির স্মৃতি শক্তি নিয়ে গর্ব আছে। কোনো কিছু সে ভোলে না। তার মনে হলো যে, ঠিক রাস্তায়ই সে এসেছে।

গাড়ি থামিয়ে রাস্তায় নামতে, বড়দিনটার মতো বাচ্চা-কাচ্চাসহ বেশ কয়েকটা মানুষের ভিড় হয়, এরকম একটা জায়গায় একজন বিদেশীর অস্বাভাবিক উপস্থিতি দেখে।

টিনের তৈরি একটা খোপে সিগারেট আর টুকটাক জিনিসের ছোট্ট দোকান । দোকানের পেছনেটায় গোল পাতার ছাউনির বেড়ার বস্তিটা ছিলো। একসঙ্গে অনেকগুলোই তো ঘর ছিলো, এখন সেখানে নতুন চারতলা একটা দালান। আশেপাশেও অনেকগুলো পাকা বাড়ি। এলাকাটা সম্পূর্ণ বদলে গেছে। আদুরীর কথা দূরে থাক, বস্তিটা কেউ দেখেছে, উপস্থিত লোকদের মধ্যে এরকম একজন সাক্ষীও পাওয়া গেলো না।

একটু মন খারাপই হলো নিকুতনির, কোনো প্রোগ্রাম সে ফেল করলে তার একটু কষ্টই হয়। আর সঙ্গে থাকে চাপা ঝিমঝিমানি একটা রাগ।

নিকুতনিদের ঘরে এখন কাজ করে একটা মেয়ে, নাম পুষ্প। অল্প বয়স। সব সময় খুব সাজগোজ করে থাকে। দেখা গেছে, খোঁপাতে একটা হলুদ ফুল গোঁজা, গুনগুন করে গান গাইতে গাইতে খুব অবহেলা ভরে কমোড পরিষ্কার করছে কিংবা বাথরুমের অন্য কাজ সারছে। সত্যিকারের অমনোযোগী। কাজ ভালো করে না। নিকুতনি সুপারভাইজারকে অভিযোগ জানিয়েছে, পারলে ওকে তাড়াতাড়ি বদলে দিতেও বলেছে। নিকুতদিনের মধ্যে কয়েকজন আছে, ওদের কাছে কোনো বাছবিচার নেই, ওদের সঙ্গে মাঝে মাঝে শোয় পুষ্প, শুনেছে নিকুতনি। তাতে কিছু যায় আসে না ওর। কাজের একঘেয়েমি কাটানোর জন্য ছোট্ট শহর খুলনাতে বিনোদনের সুযোগও সীমিত।

পুষ্প এসে নিকুতনির কাছে একদিন টাকা চাইলো। টাকার পরিমাণ সামান্য। এমনিতে নিকুতনির হাত খোলা। অনেকের অসুবিধায় সে সাহায্য করে। পুষ্পকেও সে দিতো টাকাটা, কিন্তু সে খেয়াল করে দেখে, পুষ্প টাকাটা দান হিসেবে চাইছে না, চোখ দিয়ে নিকুতনিকে আহ্বা‌ন করছে।

প্রচন্ড ক্ষিপ্ত হয়ে যায় নিকুতনি, গালাগালি করে ওকে বলে যে, ওর চোখের সামনে যেন আর কোনো দিন না পড়ে। শারীরিক শুদ্ধতায় যে খুব একটা বিশ্বাস করে নিকুতনি , সে কথা না। সারাটা জীবনই তো তাকে প্রায় স্ত্রী সঙ্গবিহীন থাকতে হলো। শারীরিক একটা চাহিদা থাকেই। তবু পুষ্পকে সে সহ্য করতে পারে নি। হয়তো মেয়েটার সাহস তাকে অপমানিত করেছিলো। নিকুতনি তো তাকে ডাকে নি। অথবা পুষ্প তার বিনিময় এত অল্প টাকাতে করতে চাইছিলো তার বোধে লেগেছিলো।

পুষ্প এসেই একদিন, ওর থেকে বেশ দূরে দাঁড়িয়ে, নিকুতনিকে বলে, সাহেব তুমি নাকি আদুরীর খোঁজ করতে মুজগুন্নি গিয়েছিলে? আমাকে বলতে। একবার চোখ তুলেও তাকালো পুষ্প, পুষ্পর দৃষ্টিটা অন্যরকম, অপরাধী একটা কিশোরীর মতো। মনে মনে মাফ করে দেয় নিকুতনি ওকে।

পুষ্প বলে, যুদ্ধের সময় বিহারীরা পুড়িয়ে দিয়েছিলো বস্তিটা, সঙ্গে কয়েকটা পাকিস্তানি সৈন্যও ছিলো। সৈন্যরা অস্ত্র নিয়ে ঘেরাও করেছে বস্তির চারপাশ। বিহারী লোকগুলো পেট্রোল আর কেরোসিন ঢেলে আগুন লাগিয়েছে। একটা মানুষকেও বেরোতে দেয় নি। কেউ বেরোনোর চেষ্টা করলে গুলি খেয়ে মরেছে। ঘরের ভেতর থেকে যে বাইরে এসে খোলা জায়গায় দাঁড়াবে তার উপায় ছিলো না। বাইরের লোকদের বরং ঠেলে ঠেলে ঘরের মধ্যে পোরা হয়েছে। তারপর আগুন। পুষ্পরা সেখানেই থাকতো। কিন্তু ওর কপাল কিছুটা ভালো। সেদিন ওর মা আর সে ফুলতলা ভাইয়ের কাছে গিয়েছিলো। তাই এখন সে সাহেবের সঙ্গে কথা বলতে পারছে।আদুরির ছেলে, ছেলে-বৌ, নাতি, নাতনি সব চোখের সামনে ভাজাপোড়া হয়ে মরেছে।আদুরিও পুড়েছিলো। পরদিন রেডক্রস থেকে কিছু লোকজন এসেছিলো গাড়ি নিয়ে পোড়া বস্তিতে। তখন মরে নি দেখে আরো কয়েকজনের সঙ্গে আদুরীকে ওদের হাসপাতালে পাঠায়। ওর সারা শরীর, মাথার চুল, চোখ- মুখ পুড়ে যা-তা অবস্থা হয়ে গিয়েছিলো। পুষ্প শুনেছে ও বাঁচবে না জেনে ডাক্তাররাও ওর গায়ে হাত দেয় নি। ওদের এমনিতেই এত জরুরি কাজ সারতে হচ্ছিলো সে সময়টায়, অপচয় করার মতো সময় ছিলো না।

পুষ্প নিকুতনিকে বলে, তুমি তো দেখেছো, আদুরীর শরীরটার মতো ওর জানটাও শক্ত। সে মরে নি। বেঁচে ঠিকই ফিরে এসেছিলো। পোড়া ঘাগুলোও ভালো করে শুকাতো না। ওকে দেখলেই যে কেউ আঁতকে ওঠে। মাথারও ঠিক ছিলো না। তবে যেখানে বেশি লোকজন থাকতো, সে ওই সমস্ত লোকজনের মধ্যে ঢুকে পড়তো। ওকে চোখে দেখলেই যে কারোই সত্যি সত্যি ভয় পেয়ে যাওয়ার কথা। এত বীভৎস আর অমানবিক সে দৃশ্য। আদুরি নড়তে চাইতো না, সেখান থেকে সরানোর জন্য দুর্বল শরীরটার ওপর বল প্রয়োগ করতে হতো মানুষদের। আদুরি তাতেও নাকি মজা পেতো। লোকেরা মনে করতো ওদের ভয় দেখিয়ে আদুরী খুব আনন্দিত হতো। সেসব তো অনেকদিন আগেকার কথা। তারপর তো অনেকদিন চলে গেলো। পুষ্প আর আদুরীর কোন খোঁজ জানে না।

আদুরির জন্য এই মুহুর্তটায় ভারী মায়া হলো নিকুতনির। আদুরীর দেওয়া বড়দিনের গিফটটার কথা মনে পড়লো। গুরুত্বহীন জিনিসটা কোথায় পড়ে থেকে হারিয়ে গেছে। সে যীশু ভক্ত নয়, ওরকম নিকুতনির কেউ থাকলে, নিকুতনি সত্যি বলতো, অনুল্লেখ্য মানুষটাকে তুমি দেখো।

সকালবেলাতেই অফিসে একটা কাজের কথা নিয়ে নিকুতনির সঙ্গে আমার একচোট কথা কাটাকাটি হয়ে গেছে। আমি আগেই শুনেছি, নিকুতনি খুব রাগী মানুষ এবং কাজে কোনো ধরনের গাফিলতি সহ্য করতে পারে না।যে কাজটা নিয়ে গোলমাল, আসলে কথা ছিলো, আমি নিজের লোকজন লাগিয়ে ওই কাজের অংশটা আগের দিন শেষ করে রাখবো। আমি আসলে ভুলে গিয়েছিলাম। মানুষের ব্যক্তিগত সুবিধা অসুবিধাও থাকে তো। আমার স্কুল পড়ুয়া মেয়েটি খালিশপুর হাউজিং এলাকার বড়লোকের একটা বখে যাওয়া ছেলের সঙ্গে বাড়াবাড়ি রকমের মাখামাখি করছে। আমার কানে এসেছে, ওইটুকু মেয়ে ওই ছেলের সঙ্গে কোথায় বেড়াতে গিয়ে শুয়েও এসেছে। সেজন্য আমার কাছে ওর কোনো অপরাধবোধও নেই। খুব আত্মপ্রত্যয় নিয়ে আজ সকালে সে বললো, ছেলেটাকে সে ভালোবাসে। আমার কাছে কোনো অস্ত্র থাকলে, সেই মুহূর্তে ওকে আমি বাবা হয়েও গুলি করতাম। কিন্তু কোনো ধরণের অস্ত্র আমার কাছে নেই। অফিস শেষে ওই বাড়িতে ফিরে যেতে মন বাধা দিচ্ছিলো। গাড়ি নিয়ে নিকুতনির বাসায় গেলাম, ওকেও শান্ত রাখা দরকার। নিকুতনি দেখলাম, সকাল বেলাকার আমার আচরণের কথা মনে রাখে নি।

হাসিখুশি ভাবেই আমাকে স্বাগত জানালো। ড্রিংকস অফার করলো। ঘোর দুপুর বেলাটায় মদ নিয়ে বসতে ইচ্ছে হচ্ছিলো না। তবু আমার ইচ্ছে ছিল না যে, আর কোনোদিনই আমার বাড়িতে ফিরে যাই।

কাজ নিয়ে কথা বলতে নিকুতনি সবসময় পছন্দ করে। আমার ভালো লাগছিলো না। আমি কথা ঘুরিয়ে বললাম, তোমার দেশের কথা বলো। তোমরা তো বেশ ভালো আছো, তোমাদের হয়ে সবকিছুই তোমাদের সরকার ভাবে। চাকরি, আহার, বাসস্থান, স্বাস্থ্য, শিক্ষা। আর আমাদের যেদিকে তাকাও শুধু সমস্যা আর সমস্যা, নাই আর নাই।

বিদেশিদের বাড়িগুলোতে স্যানিটারি, প্লাম্বিংয়ের কাজ করে মইন। আমাদের মাইনে করা লোক। অবাঙালি। এ সময়টায় একেবারে সে ঘরের ভেতরে এসে হাজির। আমার হাতের সামনে মদের গ্লাস এর বোতল। আমি খুবই বিরক্ত হই। সেও খুব দ্বিধার মধ্যে পড়ে যায়।

আমি জোর দিয়েই জানতে চাই, এখানে আবার কী চাও?

আমতা আমতা করে বলে, না আপনার কাছে না স্যার, সাহেবকে একটা কথা বলতাম।

আমার আর কিছু করার থাকে না।

নিকুতনি বলে, বলো।

আপনি একদিন আদুরীর কথা জিজ্ঞেস করেছিলেন না? ও বেটি তো আগুনে পুড়ে মরেছে।

নিকুতনির কাছে এটা আর নতুন সংবাদ ছিলো না। পুষ্পর কাছে আগেই সে শুনেছে। বড়ো আর একটা কৌতুহল সে দেখালো না। তাছাড়া সেটা বহু দিন আগেকার কথা। নিকুতনির ততো আর গরজ ছিলো না।

সাহেব আর কিছু শুনতে চাইছে না দেখে, তড়িঘড়ি করে বলল মইন, না, তারপরও আরেকবার আগুনে পুড়েছে, আমাদের বিহারী পাড়ায়। ডিসেম্বর মাসে। কেউ কেউ দেখেছে আগুনের মধ্যে ঢুকে গিয়ে নাকি ঘরের ভেতর থেকে দুই তিনটা বাচ্চা ছেলেকে বাইরে বের করে এনেছিলো। তো এবার আগুনে পুড়ে ও আর বাঁচে নি। একেবারে ছাই হয়ে গিয়েছিলো।
আমাকে সালাম দিয়ে মইন তাড়াতাড়ি বেরিয়ে গেলো।

সময়টা ভালোভাবেই কাটানো গেলো নিকুতনির সঙ্গে। যতই আস্ফালন করি শেষ পর্যন্ত ঘরে ফিরতেই হয়। আমাকেও ফিরে যেতে হবে, বউ, ছেলে, আমার সেই দুর্বিনীত মেয়ে, ওদের কাছে।

উঠবো উঠবো করছি, উঠতে দিচ্ছে না নিকুতনি। তারপর নিকুতনি আদুরীর গল্পটা আমাকে বললো।

মদ খেলে, মনে যে আরামবোধটা আমি ফিল করি, সেটা ভোগ করতে করতে নিকুতনিকে জানালাম, আমি আদুরীকে চিনি না। আমি খুলনাতে এসেছি পরে। তুমি বোধহয় জানো না, বাঙালিদের একটু গল্প বানানোর অভ্যাস আছে। ওরা সবকিছু বাড়িয়ে বাড়িয়ে বলে। আদুরীর ঘটনাতেও গল্প আছে, সে কথা নিয়ে বাজি রেখে বলতে পারি। গন্ডগোলের সময় আমি অন্য একটা শহরে ছিলাম। চট্টগ্রামে। চাকরি করেছি। আমার কোনো অসুবিধা হয় নি। কোনোদিন মিলিটারির সামনেও পড়ি নি। আমাদের পরিবারের কারুর জানমালেরও কোনো ক্ষতি হয় নি।

আমি উঠে পড়লাম।

নিকুতনির হঠাৎ মনে পড়েছে এরকমভাবে বললো, ও তোমাকে একটা জিনিস দেখাবো ভেবেছিলাম।

সে আমাকে বাসার পিছন দিকটায় নিয়ে এলো। কিছুটা ফাঁকা জায়গা পড়ে আছে। বেশ অপরিষ্কার। রাজ্যের জঞ্জাল এনে সেখানে ফেলেছে। ভাবলাম নিকুতনি অভিযোগ করবে। এমনিতেই ওরা স্বাস্থের ব্যপারে খুব শুচিবায়ুগ্রস্ত।

কিছু বললো না নিকুতনি।

ছোট একটা ঘর ছিলো সেখানে। বাড়ির দারোয়ানের থাকার জন্য। এখন আর ব্যবহার করা হয় না। আমাকে নিয়ে ওই ঘরটা দেখালো নিকুতনি। দরজা ভাঙা, ভেতরে ছিলো একটা চৌকি পাতা, তার ওপর মাদুর। পুড়ে অর্ধেক হয়ে গেছে সব। কিন্তু পোড়া চৌকিটার ওপর পোড়া মাদুরটা ঠিকই বিছানো, কেউ আর সরায় নি। ঘরের দেয়ালগুলোও কালি কালি হয়ে আছে।
আমি বললাম, তুমি ভেবো না, খুব তাড়াতাড়ি আমি এগুলো সরানোর ব্যবস্থা করবো। পুরোটা ভেঙে নতুন করে তুলে দিতে হবে ঘরটা। জঞ্জালগুলোও পরিষ্কার করে দিতে হবে। তুমি বোধহয় জানো না, গন্ডগোলের সময় এ বাড়িটাতে লুঠ হয়েছিলো। আগুনও লাগিয়ে দিয়েছিলো।স্বাধীনতার পর তাড়াতাড়ি রিনোভেশনের সময় পেছন দিকটায় কারো নজরে পড়ে নি। কালই আমি বলে দেবো।

নিকুতনি বলে, ওগুলো থাক, তোমার কিছু করতে হবে না।

আমি হেসে ওকে বলতে গেলাম, কেন? কিন্তু ওর চোখ মুখ দেখে আমি ভয় পেয়েই গেলাম। ও আবার রেগে উঠলো কেন? যাকগে ওকে আর চটিয়ে লাভ নেই। বরং ক্ষতি।

ওকে আমি আশ্বস্ত করলাম, তুমি যা বলবে তাই হবে।

গাড়িতে উঠে ,সুন্দর দোতলা বাড়িটার দিকে আর বোগেনভিলিয়া গাছ দুটোর দিকে তাকাতে তাকাতে ভাবলাম, ভাগ্যিস পোড়াপুড়ির ব্যাপারটা বাড়ির পেছন দিকে। সামনে হলে তো নিকুতনি বললেও ওর বাধা আমি মানতাম না।❐



▰সত্তর দশকের লেখক সিরাজুল ইসলাম রচিত মুক্তিযুদ্ধের গল্প ‘বনফুল’ প্রথম প্রকাশিত হয় সাপ্তাহিক ‘রোববার’ পত্রিকায়। সম্ভবত ১৯৮৪-৮৫ সালে। পরে কবি, লেখক, সাহিত্য সম্পাদক আবুল হাসনাত সম্পাদিত ‘বাংলাদেশের ছোটগল্প’ গল্প-সংকলন গ্রন্থে ‘বনফুল’ গল্পটি অন্তর্ভুক্ত হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension