
বিশ্বের ৩৫ দেশে বিএনপির বিক্ষোভ
রূপসী বাংলা ডেস্ক:দলের চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলার রায়কে ঘিরে বিশ্বের বিভিন্ন দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে প্রবাসী শাখা বিএনপি। বৃহস্পতিবার বিশ্বের ৩৫টি দেশে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনসহ কর্মসূচি পালন করেছেন তারা। পরে সংশ্লিষ্ট দেশের পররাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেন দলটির নেতারা।
দেশের বাইরে বিএনপির আন্দোলন নিয়ে কেন্দ্রীয় বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড. শাকিরুল ইসলাম খান শাকিল জানান, ‘এটা আজ সবার কাছে পরিষ্কার যে, কথিত দুর্নীতির মিথ্যা মামলায় সাজানো রায় ঘোষণা আগামী জাতীয় নির্বাচনে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্রের অংশ। কাজেই বিশ্বের বিভিন্ন দেশে বসবাসকারী বাংলাদেশি জনগণ পুরো দেশবাসীর মতোই উদ্বিগ্ন ও ক্ষুব্ধ। যার বহিঃপ্রকাশ আজকে এশিয়া, ইউরোপ ও আমেরিকাসহ বিভিন্ন দেশে তীব্র ঠাণ্ডা ও প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে আমাদের নেতাকর্মীসহ সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন হয়েছে।’
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব জানান, ‘মধ্যপ্রাচ্যের প্রত্যেকটি দেশে সুন্দর ও সফলভাবে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। বিএনপি চেয়ারপার্সন ও সিনিয়র ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে অন্যায় রায় হলে জনগণ ঘরে বসে থাকবে না। খালেদা জিয়াকে জেলে নিলে এদেশের জনগণ জেগে উঠবে এবং তারা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করবে।’
বেলজিয়াম: বিএনপি বেলজিয়াম শাখার উদ্যোগে রায়কে কেন্দ্র করে বৃহস্পতিবার ইউরোপিয়ান ইউনিয়নের সদর দপ্তর ব্রাসেলসে বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবুর পরিচালনায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বিএনপি নেতাকর্মীরা একযোগে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধনসহ লাগাতার কর্মসূচি ঘোষণা করেছেন। সমাবেশ শেষে বেলজিয়ামের পররাষ্ট্রমন্ত্রী বরাবর ও ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের কাছে স্মারকলিপি প্রদান করেন। এসময় বেলজিয়াম বিএনপির সভাপতি আহমেদ সাজা সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবু সাংগঠনিক সম্পাদক আলী নুর শামীম ইউরোপিয়ান ইউনিয়নের নেতাদের কাছে দেশের রাজনৈতিক পরিস্থিতি, মানবাধিকার অবস্থা, বিচার-বহির্ভূত হত্যাকাণ্ডসহ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের মামলার বিষয়টিও অবহিত করা হয়।

যুক্তরাজ্য: যুক্তরাজ্য বিএনপির সভাপতি এমএ মালেক ও সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জার্মানি: জার্মানি বিএনপির সভাপতি আকুল মিয়া, সাধারণ সম্পাদক গনি সরকার ও যুগ্ম-সম্পাদক মুস্তাক আহমেদের নেতৃত্ব বার্লিনে বিক্ষোভ সমাবেশ করেছে জার্মানি বিএনপি।
আয়ারল্যান্ড: আয়ারল্যান্ড বিএনপির সভাপতি হামিদুল নাসির সাধারণ সম্পাদক কবির আহমদের নেতৃত্বে ডাবলিনে বিশাল বিক্ষোভ সমাবেশ করেছে আয়ারল্যান্ড বিএনপি। বিক্ষোভ সমাবেশ শেষে পররাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাজহারুল ইসলাম ঝিনুক, গোলাম সারওয়ার, কামরুজ্জামান প্রমুখ।
মালয়েশিয়া: মালয়েশিয়া বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার বাদল খান রহমান সাধারণ সম্পাদক মোশারফ হোসেনের নেতৃত্বে বিক্ষোভ করছে মালয়েশিয়া বিএনপি।
ফিনল্যান্ড: ফিনল্যান্ড বিএনপি নেতা জামান সরকার ও গাজী শামসুল হকের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ করেছেন ফিনল্যান্ড বিএনপি। বিক্ষোভ সমাবেশ শেষে ফিনল্যান্ড পররাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। এসময় উপস্থিত ছিলেন প্রদীপ শাহ, মিজানুর রহমান মিতু, মুস্তাক সরকার।
গ্রিস: গ্রিস বিএনপির সভাপতি জিএম মুখলেসুর রহমান ও সাধারণ সম্পাদক আশরাফ উদ্দিন ঠাকুরের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এছাড়াও ইতালি, অস্ট্রিয়া, সুইডেন, ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইজারল্যান্ড, হল্যান্ড, নরওয়ে, স্পেন, পর্তুগাল, রাশিয়া, কানাডা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, জাপান, কোরিয়া, লেবানন, জর্ডান, সৌদিআরব, কুয়েত, বাহরাইন, কাতার, ওমান, মালদ্বীপ, ব্রুনাই, আলজেরিয়া, জর্জিয়া ও দক্ষিণ আফ্রিকা শাখা বিএনপির নেতাকর্মীরা বিক্ষোভ সমাবেশ করে সেসব দেশের পররাষ্ট্রমন্ত্রী বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে।



