
আব্দুল্লাহ আল মামুন রিটন
তোমাকে ভালোবাসার জন্য আমি
তৃণমূল থেকে শুরু করে সর্বস্তরে ঘোষণা দিলাম
তাঁকে না পেলে বৃথা এই ফাল্গুনের আগুন ফুল
বৃথা পলাশের পাপড়ি মেলে সুবাস ছড়ানো
অবান্তর হয়ে যায় কবিতার শব্দগুচ্ছ
ছন্দের ছন্দপতনে কেঁপে ওঠে বারুদ কবিতা।
বাকরুদ্ধ হয়ে কোকিল তাকিয়ে থাকে আকাশে
মেঘেদের থেমে যায় দল বেঁধে ছুটে চলা
অবিরাম বয়ে চলা নদীটাও তখন বিপথগামী
পানসে লাগে মিঠে রোদ, অহেতুক সূর্যের কিরণ।
শ্বাস-প্রশ্বাসে কেঁদে ওঠে বুকের ভেতর কেউ
বলতে থাকে অনবরত প্রতিটি নিঃশ্বাসে নিঃশব্দে-
তোমাকে না পেলে বেঁচে থাকে দেহ মরে যায় মন।



