গল্পসাহিত্য

বৈষম্য

শামীমা সুলতানা


বিছানার ওপরে ঈদ কেনাকাটার স্তূপ নিয়ে বসেছে মা, আমাকে দেখানোর জন্য। আমার পাঁচ বছরের একমাত্র কন্যা ইভানার যে পাঁচটি দামি ড্রেস প্রথমেই দেখালো, তাতে মনে হলো, ওটা আমার মেয়ে নয়, রাণী এলিজাবেথের পরিবারের কেউ। বিরক্ত হলাম মনে মনে।

বাবা মা যত বিত্তবানই হোক না কেন, ছেলেমেয়ের পোশাকের ক্ষেত্রে অতিরঞ্জিত বিলাসিতাকে আমি সমর্থন করি না। আমার ধারণা এতে ছেলেমেয়ের মধ্যে অযাচিত অহংকারবোধ জন্মায়, তারা বিনয়ী হতে শেখে না। আমি তাই আমার মেয়েকে প্রয়োজনের বেশি কাপড় কিনে দেই না কখনো । কিন্তু এ বাড়িতে একমাত্র নাতনীর এসব সমাদর দেখলে মাঝেমধ্যে আমারই পিত্তি জ্বলে। আমি কিছু না বলে হঠাৎ উঠে পড়লাম। মা অবাক হলো, কই চললি রে?

রুমে যাই।

সে কি! আমাদের সবার কাপড়চোপড় দেখেই যা! বারবার কি এসব মেলবো নাকি?

আমাকে কথা বলার সুযোগ না দিয়ে মা হড়বড় করে বলতে শুরু করল, এই দ্যাখ, আমার এই শাড়িটা বৌমার বাবার বাড়ি থেকে পাঠিয়েছে, মন্দ হয় নি,তাই না? আর এটা তোর ভাইয়ার কিনে দেওয়া শাড়ি।খোকারও বেশ পছন্দ আছে।

তো, উনারা বাবা, ভাইয়া আর ভাবীর জন্য পাঠান নি?

পাঠিয়েছে! ওদের জন্য শুধু কেন! তোর জন্যও পাঠিয়েছে, এই দ্যাখ। তোর বাবার জন্য পাঞ্জাবি আর তোর ভাইয়ার জন্য আড়ংয়ের পাঞ্জাবি আর দুটো দামি ব্রান্ডের শার্ট পাঠিয়েছে। বৌমার জন্য অবশ্য কিছু পাঠায় নি। মেয়েদের আসলে শ্বশুরবাড়িতে দিলেই মেয়েরা খুশি হয়ে যায়,মুখটা বড় হয়। নিজের জন্য তখন আর তারা চায় না। এটা ওবাড়ির লোক বুঝেই হয়ত আর পাঠানোর প্রয়োজন মনে করে নি।

মাথামোটার দল তোমরা! আর তোমরা মেয়েরাই না মেয়েদের শত্রু! তোমরা ভাবীর বাবার অবস্থা জানো না? একজন রিটায়ার্ড স্কুল মাস্টার। তোমরা আর তোমাদের গুণধর পুত্র যে উপহার পেয়ে আহ্লাদে আটখানা হচ্ছ, সেগুলো কিনতে উনার হয়ত রক্তের ঘাম ঝরেছে! যাক গে, তা তোমরা কি তোমাদের বৌমাকে কিছু কিনে দিয়েছ?

আমরা কোত্থেকে কিনব? আমাদের কি ইনকাম আছে নাকি? খোকা আয় করে, তার আয়ে আমরা চলি, সে দিবে তার বউকে।

– বাহ! নাতনীকে তো গদ গদ হয়ে একটা নয়, দুটো নয়,পাঁচটা ড্রেস কিনে দিয়েছ! সেগুলো কিভাবে দিলে? ইচ্ছে থাকলেই সব হয় মা!

আমাদের কথোপকথনের মধ্যে ভাবী ঢুকল চা নাস্তা নিয়ে, বসো, চা শেষ করে ওঠো!

অগত্যা বসতে হলো। চা খেতে খেতে ভাবীর বিমর্ষ চেহারা নজরে এল। ভাবীর চলে যাবার অপেক্ষায় থাকলাম। ট্রেতে কাপ পিরিচ গুছিয়ে নিয়ে ভাবী চলে গেলে মাকে বললাম, ‘ভাবীর মুখ অমন শুকনো কেন? কি হয়েছে?’

মায়ের ঈদ পোশাক দেখানোর এতক্ষণের উচ্ছ্বাস নিমিষেই মিলিয়ে গেল। বিরক্তি নিয়ে বলল, কি আর! প্রত্যেকবার তো এখানে খুশি মনেই ঈদ করে, এবার আবার মাথায় কি পোকা ঢুকেছে, বাবার বাড়ি গিয়ে ঈদ করবে। তা তাকে বুঝিয়ে বললাম, যেতে হয়, ঈদের পরে যাও। এখন বাড়ি ভর্তি লোকজন।বাড়িতে কত কাজ! এই বলাতেই দুদিন থেকে উনি মুখ ভার করে ঘুরছেন!’

বাড়ী ভর্তি লোকজন কোথায়? আমি তো কাউকে দেখছি না!

কেন? তুই, আমার নানুটা, জামাই আসবে ঈদের দিন!

– তা,আমাদের ফাইফরমাশ খাটবে বলে ভাবী তার বাবা মায়ের সাথে ঈদ করতে যেতে পারবে না? বলি, আমি কি আমার হাত পা আমার সংসারে রেখে এসেছি যে ওখানে কাজ করতে পারব আর এখানে দুদিনও করতে পারব না? না কি তোমরা তোমাদের হাত পা যত্ন করে সিন্দুকে তুলে রেখেছো ভাবী এ বাড়ীতে বউ হয়ে আসার পর থেকে?

– ওভাবে কথা বলছিস কেন? বিয়ের পর মেয়েদের শ্বশুরবাড়িই আসল বাড়ি। ঈদ পার্বণে শ্বশুর বাড়িতেই থাকতে হয়, কর্তব্য পালনের জন্য। এটাই নিয়ম।

আর কথা না বাড়িয়ে নিজের রুমে এলাম।আজই বিকেল চারটার দিকে এসেছি আমি এ বাড়িতে। ট্রাভেল ব্যাগ থেকে কিছুই নামানো হয় নি এখনো। ওটা হাতে নিয়ে তৎক্ষণাৎ মায়ের রুমে এলাম। ইভানা ওখানেই ছিল। ওকে বললাম, চলো আমরা দাদুর বাড়িতে যাচ্ছি।

চোখ কপালে তুললেন মা, শ্বশুরবাড়িতে যাবি মানে?

এত অবাক হবার ভান করছ কেন? তুমিই তো বললে ঈদে শ্বশুরবাড়িতে থেকে ননদ আর তার স্বামী ও ছানাপোনার ফাইফরমাশ খাটাই নাকি বাড়ির বৌদের জন্য নিয়ম। তা নিয়ম শুধু তোমার বৌমা একাই পালন করবে,সেটা তো ঠিক নয় মা। আমিও তো কোনো বাড়ির বৌ,শুনলাম আমার ও ননদ এসেছে ঈদ করতে তার বাবার বাড়িতে। যাই তাদের একটু ফাইফরমাশ খেটে নিয়ম পালন করি গিয়ে।

বেশি বাড়াবাড়ি হচ্ছে সুমনা। এতদিন পরে এসছে,কোথায় মায়ের সাথে একটু ভালো করে কথা বলবে, তা না টক টক করে কথা বলছেন উনি ব্যারিস্টারের মতো! আচ্ছা যাও তোমার আদরের ভাবীকে এখুনি তার বাবার বাড়িতে যেতে বলছি।

মা চলে গেলে সুমনা তার ব্যাগপত্র জায়গায় রেখে শুয়ে পড়ল বিছানায়। খানিক বাদে ভাইয়া এলো তার রুমে, ‘কিরে, তুই নাকি তোর ভাবীকে তার বাপের বাড়িতে পাঠাচ্ছিস?’

ও মা সে কি কথা! সে কি বাচ্চা মেয়ে নাকি যে আমি তাকে পাঠাবো? সে যাচ্ছে তার নিজের ইচ্ছায়।

কিন্তু ইচ্ছেটা তো চাপা পড়ে গিয়েছিল। সেটাকে উস্কে দিলি তো তুই।

শোনো, এই মেয়েগুলো না খুব বোকা আর ভীতুর ডিম। ইচ্ছেটা তার, অথচ দেখো উস্কে দিতে হয় অন্যকে। ব্যাপারটা কেমন অদ্ভুত না ভাইয়া?

ইয়ার্কি মারছিস? আমার কি! তোদেরই অসুবিধা হবে দেখিস। ভাইয়া গজগজ করতে করতে বেরিয়ে গেল।

ঘুমিয়ে পড়েছিলাম। উঠে দেখি সন্ধ্যে হয়ে গেছে। বাইরে তাকিয়ে দেখি, ভাবী দরজায় দাঁড়িয়ে, কয়েকবার এসে ঘুরে গেছি,তুমি ঘুমাচ্ছিলে। আমার ঘরে একটু আসবে? আমি কাল সকালে চলে যাব তো! গল্প করাই হলো না।

তুমি যাও, আমি আসছি!

ভাবীর রুমে গিয়ে বুঝলাম, ভাইয়া নেই বলেই গল্প করতে রুমে ডেকেছে ভাবী। কাপড় গুছিয়ে ব্যাগে রাখতে রাখতে আমাকে বলল, অনেক ধন্যবাদ তোমাকে সুমনা! আমি জানি, তুমিই আমার যাওয়ার বন্দোবস্ত করেছ। আর খুব দুঃখিত আমি,কারণ তোমরা এসেছ, অথচ থাকতে পারছি না আমি। জানি মায়ের, তোমার অনেক অসুবিধা হবে সব কাজকর্ম করতে!

আরে ধুর! আমি এ বাড়িতে আসলেই তুমি চলে যাও, এমন তো আর সবসময় ঘটে না। এসব নিয়ে একদম ভেবো না!

আসলে কি জানো, মা আমাকে নিয়ে কি যেন খারাপ স্বপ্ন দেখেছেন কয়েকদিন আগে। তারপর থেকে খুব চাইছিলেন উনার সাথে গিয়ে এই ঈদটা করি। এ কথা আমি কাউকে বলি নাই। যদি তোমার ভাইয়া রাজী না হয়, মাকে ছোট করা হবে। তাই মাকে অন্য অসুবিধার কথা বলে শান্ত করেছিলাম।

বলতে বলতে ভাবীর চোখ ভিজে উঠল। আমি পরিস্থিতি স্বাভাবিক করতে প্রসঙ্গ পরিবর্তন করে বললাম,ঈদে কি কিনেছ এবার?’

– আরে, কিছুই কিনি নাই ইচ্ছে করে। তোমার ভাইয়া জিজ্ঞেস করেছিল,কিছু লাগবে কি না! আমি বলেছি কিছু লাগবে না, ঈদের দিন কোথাও তো আর যাওয়া হয় না! পরে কিনলেও হবে।

– আর বাড়িতে যে যাচ্ছ, বাবা, মা বা অন্যদের জন্য ঈদ উপহার নিয়েছ?

ভাবী শুকনো হাসি হাসল, নাহ্ , লাগবে না! আমি গেলেই ওরা খুশি হবে। আর তাছাড়া আমার কাছে তো আর টাকাপয়সা থাকে না! তোমার ভাইয়াকে বললে হয়ত কিনে দিত। কিন্তু আমার চাইতে ভালো লাগে না। বিয়ের পর পরই মাকে একটা শাড়ি আর বাবাকে একটি পাঞ্জাবী ও কিনে দিয়েছিল। এরপর থেকে তাদের জন্য আমি আর কখনো কিছু চাইনি ওর কাছে।

– আরে তুমি কেন চাইবে? এটা তো তোমার স্বামীর দায়িত্ব। সে বরং এসব কিনে তোমার হাতে দিয়ে দেবে। অদ্ভুত সব কাণ্ডকারখানা।

ভাবী আর কোনো কথা বাড়ালো না। হয়তো বিষয়টা নিয়ে ভাবছিল। আমার খারাপ লাগছিল খুব। সেটা বুঝতে না দিয়ে বললাম, শোনো ভাবী,তুমি একটু ইভানার হাতে মেহেদি লাগিয়ে দিতে পারবে? তুমি তো চলে যাচ্ছ! পরে আমার মাথা খাবে! তোমার বাকি জিনিসগুলো আমি ব্যাগে উঠিয়ে দিচ্ছি!

এখুনি যাচ্ছি! টুকটুকিকে নিয়ে বসছি মেহেদি লাগাতে!

সকাল সাতটায় ভাবীর বাস ছিল। তাই বেশ তাড়াতাড়িই উঠে গেলাম ঘুম থেকে। ঘুম থেকে উঠেই ভাইয়াকে আড়ালে ডেকে বললাম, কিরে! তুই নাকি ভাবীকে একাই পাঠিয়ে দিচ্ছিস? তোর তো অফিস ছুটি। ওখানে গিয়ে তোর ঈদ করা উচিত, দুজন একসাথে! ভাইয়া এমনভাবে তাকাল যেন খুবই আশ্চর্যজনক কথা শুনল, যাঃ, শ্বশুরবাড়িতে গিয়ে ঈদ করলে সবাই ভেড়া বলবে!’ এটুকু বলেই ভাইয়া নির্বিকার ভঙ্গীতে চলে যাচ্ছিল।

আমি পেছন থেকে ডেকে বললাম, শোন ভাইয়া, ভেড়ার সংজ্ঞা জানায় তোর ভুল আছে। আমি বলছি নতুন করে শিখে নে! যে স্বামী নিজের বোনের পরিবারকে সেবা দেওয়ার জন্য বউকে তার বাবা মায়ের কাছে যেতে দেয় না, বউ চায় নি বলে তাকে ঈদে একটা সুতাও কিনে দেয় না এবং তার পরিবারের কারো জন্য একটা কিছুই উপহারসরূপ পাঠায় না, বরং তাদের দেয়া দামি দামি উপহার ভিক্ষুকের মতো হাত পেতে নেয়, তাকেই বলে প্রকৃত ভেড়া। কথা শেষ করে গুণধর ভাইয়ের প্রতিক্রিয়া দেখার জন্য সেখানে আর দাঁড়ালাম না।

ভাবী বের হবার আগে ইভানাকে আর আমাকে জড়িয়ে ধরল আর আমিও সুযোগ পেয়ে কানের কাছে মুখ নিয়ে নিচূ গলায় বললাম, যতদিন মন চায় থেকে আসবা, কোনোই সমস্যা হবে না এদিকে। আর শোনো আমি তোমার জন্য একটা শাড়ি এনেছিলাম। তোমার ব্যাগে দিয়ে দিয়েছি। ভাবী অবাক হয়ে তাকালো আমার দিকে, কি যে সব করো তুমি!

আচ্ছা যাও যাও। তোমার দেরি হয়ে যাচ্ছে।

ভাবী নেই বলে একটু ফাঁকা লাগছিল ঈদের দিন। তবু এটা ভেবে খুব শান্তি পাচ্ছিলাম যে সে আজ কত আনন্দে আছে । সর্বদা তটস্থ হয়ে থাকা কোনো বৌ নয় আজ সে কোনো এক বাড়ির আল্লাদী মেয়ে হয়ে প্রাণ খুলে ঘুরছে, হাসছে, গল্প করছে, বাবা মায়ের আদুরে ডাক শুনছে! যা খুশি করছে। অনেক বেলা অব্দি ঘুমিয়ে থাকলেও কেউ তাকে ডাকছে না। আর ভুল করে কেউ ডাকলেও মা হয়ত বারণ করছে, ওকে ডাকিস না তোরা! শান্তিতে ঘুমাতে দে!

এসব ভাবনার মধ্যেই ভাবীর ফোন এল। ফোন রিসিভ করে দেখি কোনো কথা নেই। শুধু চাপা কান্নার আওয়াজ আসছে। কোনোরকমে নিজেকে একটু সামলে নিয়ে বলল, এসব কি করেছ তুমি? তুমি আসলেই একটা পাগল!

আমি চুপ করে রইলাম। বুঝলাম চিঠিটা ভাবীর হাতে পড়েছে। আমি বাবা, মা আর ভাইয়ার জন্য ঈদ পোশাক কিনে এনেছিলাম। সেগুলো গোপনে ভাবীর ব্যাগে ঢুকিয়ে দিয়েছিলাম, তার বাবা, মা আর ভাইয়ের জন্য। ভাবী ব্যাপারটিকে সহজভাবে নেবে না, তাই ছোট একটি চিঠি লিখতে হয়েছিল, ভাবী জিনিসগুলো অবশ্যই তুমি তোমার বাবা,মা আর ভাইকে ঈদের দিন দেবে। এ বাড়িতে কেউ জানেই না,আমি ওদের জন্য কাপড় এনেছিলাম,তাই সমস্যা হবে না। আমি কালই বের হয়ে ওদের জন্য আবার কিনে আনব। আর এগুলো এভাবে নিতে তোমার খারাপ লাগলে এগুলোর টাকা পরে তুমি আমাকে দিয়ে দিও। আর শোনো, এভাবে ঘরে বসে থেকো না। আমার অফিসের বস একজন সৎ মহিলা হিসাবরক্ষক খুঁজছিলেন অফিসের এই এলাকার ব্রাঞ্চের জন্য । আমি তোমার কথা বলে রেখেছিলাম উনাকে। উনি কনফার্মও করেছেন আমাকে। ঈদের ছুটির পরে তুমি জয়েন করতে পারো। বেতন ও মন্দ নয়। শোনো, ভাবী, নিজের পরিবারের কাউকে উপহার দিতে গেলেও যদি চেয়ে নিতে হয়, সে উপহার না নেয়াই ভালো। তুমি ঠিকই করেছ। কিন্তু ওই মানুষগুলোর যে প্রাপ্য এটা তোমার কাছে। তাই নিজের পায়ে দাঁড়াও। দরকার পড়লে চাকরি করে বেতনের সবটুকু বাবা, মায়ের পেছনে খরচ করো। একটা ছেলেই শুধু কেন বাবা, মায়ের দায়িত্ব নিবে? মেয়েও একইভাবে বাবা-মায়ের সন্তান। সে কেন দায়িত্ব থেকে অব্যাহতি পাবে? আর তুমি চিন্তা করো না,তোমার চাকরির ব্যাপারে এ বাড়ির অনুমতি তোমাকে কিভাবে পাইয়ে দিতে হয়,সে টেকনিক আমার জানা আছে। তুমি শুধু নিজে মনস্থির করে ফেলো চাকরির ব্যাপারে।

ভাবী মন দিয়ে সব শুনে কান্না জড়ানো গলায় বলল, আমি তোমার কাছে চিরকৃতজ্ঞ থাকব সুমনা। আমার মনের সব ইচ্ছে তুমি আজ পূরণ করেছ। আমার খুব অপূর্ণতা ছিল, বাবা-মায়ের জন্য কিছু করতে না পারার। আর্থিকভাবে অনেক সময় অনেক সংকটে পড়ে আমার বাবা-মা। আমি শুধু শুনে গেছি এতদিন। কিছুই করতে না পারার যন্ত্রণায় ছটফট করেছি। চাকরিটা পেলে, আমি বাবা মায়ের ঋণ একটু হলেও শোধ করতে পারব, এটা ভেবে আনন্দে আমার বুক ভরে যাচ্ছে আজ। ধন্যবাদ তোমায় দেব না, সারাজীবন ভালোবাসা দিয়ে তোমায় আগলে রাখব।

ভাবী স্বভাবতই খুব আবেগপ্রবণ হয়ে পড়ছিল। তাকে ধমক দিয়ে থামালাম। বললাম, কি শুরু করেছ ঈদের দিন এগুলো? যাও চোখ মুছে সবার সাথে আনন্দ করো আর ভালোভাবে, নিরাপদে ফিরে এস ঈদ করে। এখন রাখছি।’

ফোন রেখে দিয়ে ভাবছিলাম, মেয়েরা কতটা অসহায় হয়। ভাইয়ার বলা ভেড়া কথাটা মনে হলো। ভাইয়ার সংজ্ঞা অনুসারে আমার স্বামীও ভেড়ার পর্যায়ে পড়ছে। কারণ সে ঈদের দিন শ্বশুরবাড়িতে কাটাবে। লিপনের মুখটা মনে পড়ল। ভাগ্যিস লিপনটা ভেড়া। তাই তো বিয়ের পরই সে বলেছিল, একটা ঈদ যেন আমি বাবা-মায়ের সাথে করি, আরেকটা ঈদ শ্বশুরবাড়িতে। তাহলে কারো মন খারাপ হবে না। আর এ বাড়ির কারো প্রতি কোনো দায়িত্ব পালনের কথা অধিকাংশ সময় লিপনই আমাকে মনে করিয়ে দেয়। এতে যদি লিপন ভেড়া হয়ে যায়,তাহলে এই ভেড়াকেই আমি আজীবন মাথায় করে রাখব!❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension