ব্যাংকিং খাতে সংকট সত্ত্বেও সুদহার বাড়াল যুক্তরাষ্ট্র
সম্প্রতি আর্থিক সংকটের কারণে বন্ধ হয়ে গেছে যুক্তরাষ্ট্রের বৃহত্তম দুটি ব্যাংক। পতনের ঝুঁকির মুখে আছে আরো ডজনখানেক।
ব্যাংকিং খাতে এত অস্থিরতার মধ্যেও সুদহার বাড়িয়েছে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ। স্থানীয় সময় বুধবার ব্যাংকটি তাদের মৌল সুদের হার দশমিক ২৫ পয়েন্ট বৃদ্ধি করে।
এ সময় দেশটির ব্যাংকিং খাত শক্ত অবস্থানে আছে দাবি করে ফেড জানায়, ব্যাংকিং ব্যবস্থা ‘সুস্থ ও সহিষ্ণু’ রয়েছে।
তবে যেসব ব্যাংক বন্ধ হয়ে গেছে আগামী কয়েক মাসে সেগুলোর বিরূপ প্রভাব পড়ার শঙ্কা রয়েছে বলে সতর্কতা দিয়েছে ফেডারেল রিজার্ভ।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক সুদহার বাড়ানোর মধ্য দিয়ে দ্রব্যমূল্য স্থিতিশীল করতে চাইছে, তবে গত বছর থেকে সুদহারের চড়া বৃদ্ধি ব্যাংকিং ব্যবস্থার ওপর চাপ সৃষ্টি করেছে।
বিবিসির প্রতিবেদনে জানানো হয়, সুদহার বৃদ্ধির ফলে ব্যাংকের কাছে থাকা বন্ডগুলো নিয়ে উদ্বেগ সৃষ্টি হয়েছে। কারণ সুদহার বাড়ার সঙ্গে সঙ্গে বন্ডগুলোর দাম কমার শঙ্কা রয়েছে।



