
‘ভারসাম্যহীন’ ট্রাম্পের কাছ থেকে পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ সরানোর দাবী
ট্রাম্পের ইমপিচমেন্টের দাবী ক্রমশ জোরালো হচ্ছে। এবারে ট্রাম্পকে ‘ভারসাম্যহীন’ আখ্যা দিয়ে তার কাছ থেকে পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ নিয়ে নেওয়ার কথা বলেছেন কংগ্রেসের নিম্নকক্ষের স্পিকার ন্যান্সি পেলোসি।
ন্যান্সি পেলোসি আশঙ্কা প্রকাশ করেছেন, ট্রাম্প পরমাণু হামলাও চালাতে পারেন।
ট্রাম্পের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করারও উদ্যোগের পাশাপাশি যুক্তরাষ্ট্রের শীর্ষ সামরিক কর্তাদের সঙ্গে আলোচনা করেছেন বলেও জানিয়েছেন পেলোসি।
হাউস অব রিপ্রেজেন্টেটিভস স্পিকার ন্যান্সি পেলোসির বলেন, ‘মেয়াদের শেষ পর্যায়ে ভারসাম্যহীন প্রেসিডেন্ট দেশে যাতে সামরিক সংঘাত শুরু না করতে পারেন অথবা পারমাণবিক অস্ত্রের লঞ্চকোড তাঁর হাতে না আসে কিংবা পারমাণবিক হামলার নির্দেশ দিতে না পারেন, সে বিষয়ে সমস্ত সতর্কতা নেওয়ার বিষয়ে আলোচনা করেছি।’
ট্রাম্পকে ‘থামাতে’ কী ধরণের সতর্কতামূলক ব্যবস্থা রয়েছে সে বিষয়ে জয়েন্ট চিফস চেয়ারম্যান মার্ক মিলির সঙ্গে কথা বলেছেন বলেও জানান পেলোসি।
ইতোমধ্যেই এ বিষয়ে ডেমোক্রেট নেতাদের একটি চিঠি দিয়েছেন তিনি। ওই চিঠিতে পেলোসি জানান, বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প স্বেচ্ছায় সরে না গেলে তার বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া শুরু করতে প্রস্তুত।
এমনকি বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স ইমপিচমেন্ট প্রক্রিয়া শুরু না করলে সেই প্রক্রিয়া তিনিই শুরু করবেন বলেও জানান পেলোসি।❐



