
আজাদুর রহমান
মানুষ একটা জেদ নিয়ে জন্মায়,
জেদের চোট বুকে করে জোট বাঁধে।
জেদ করেই একদিন ঘর ছেড়ে
অন্যের ঘরে ঢুকে পড়ে সে।
সারা গায়ে জেদ মেখে সংসার করে
রাঁধে, বাসন মাজে
মাজতে মাজতে বাসনের মতোই
গজরগজর করে সে।
জেদে জেদে সন্তান পালে
চাকরি, চাষ এবং বাজার করে।
জেদের বশে মানুষ দু-একবার ভাত খায় না
গোস্বা মুখে পাশ ফিরে থাকে
খালি পেটে জেদ খেয়ে ঘুমায়।
জেদ খেয়ে খেয়ে
একদিন দুইদিন তিনদিন…
মানুষ— কথা কয় না, হাসে না, কাঁদে না।
জেদ চেপে রেখে রেখে
একদিন কী মনে করে
জগতের বাইরে পা রাখে মানুষ
তখন তার, কিছুই থাকে না আর
কেবল জেদটাকে এক পাশে রেখে
একা একা মরে যায় সে।



