
যুক্তরাজ্যে ইইউ নাগরিকদের বসবাসের আবেদন মোবাইলে
রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের ক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোর নাগরিকদের আবেদনে নতুন পদ্ধতি চালু করতে যাচ্ছে দেশটি। বসবাসের জন্য ইইউভুক্ত দেশগুলোর নাগরিকদের কাছে তিনটি সহজ প্রশ্নের উত্তর চাওয়া হবে। স্মার্টফোনের মাধ্যমে অনলাইনে এই তিনটি প্রশ্নের জবাব দিতে পারবেন আবেদনকারীরা।
সম্প্রতি হাউস অব লর্ডসের ইমিগ্রেশন বিষয়ক কমিটির কাছে এ তথ্য জানান হোম সেক্রেটারি সাজিদ জাবিদ।
তিনি বলেন, যুক্তরাজ্যে বসবাসের জন্য ইইউভুক্ত নাগরিকদের আইডি চেক, ক্রিমিনাল রেকর্ড এবং যুক্তরাজ্যে বসবাস করছেন কিনা এ বিষয়টি যাচাই করবে হোম অফিস।
আবেদনকারীদের কাছ থেকে এই তিনটি প্রশ্নের জবাব খুব কম সময়ে সরকারি ডাটাবেসে পরীক্ষা নীরিক্ষা করা হবে। খুবই কম সময়ে তাদের ভিসা আবেদনের ফলাফল জানানো হবে। অধিকাংশ আবেদনের ফলাফল মাত্র দুই সপ্তাহ ও এর চেয়ে কম সময়ের মধ্যে জানানো হবে।
হোম সেক্রেটারি সাজিদ জাবিদ বলেন, নতুন এই আবেদন প্রক্রিয়া অত্যন্ত সহজ হবে। কারও আবেদন প্রত্যাখান হলে তিনি জানতে পারবেন ঠিক কী কারণে তার আবেদন গ্রহণযোগ্য হয়নি।
হোম অফিস বলছে, এই প্রক্রিয়ায় প্রত্যেক আবেদনকারীর ব্যক্তিগত ক্রিমিনাল রেকর্ড গুরুত্ব সহকারে দেখা হবে। এক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেয়া হবে না।
নতুন এই স্কিম বাস্তবায়নে সরকারের ব্যয় হবে ১৭০ মিলিয়ন পাউন্ড। সরকার আশা করছে, এই পদ্ধতিতে আবেদন জমা পড়বে ৩দশমিক৫ মিলিয়ন। আগামী ২০২০ সালের মধ্যে যেসব ইইউ নাগরিক ও তাদের পরিবারের সদস্যদের যুক্তরাজ্যে বসবাসের ৫ বছর পূর্ণ হবে তারা দেশটিতে স্থায়ীভাবে বসবাস ও কাজের সুযোগ পাবেন।
নতুন এই স্কিম সুইজারল্যান্ড, নরওয়ে, আইসল্যান্ডের নাগরিকদের জন্যও প্রযোজ্য হবে।



