
যুক্তরাষ্ট্রে বন্ধ থাকা পারিবারিক ইমিগ্রেশন ভিসা চালুর দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইউএসএ ইমিগ্র্যান্ট ভিসা পেন্ডিং কেস হোল্ডার্স কমিউনিটি ফর্ম বাংলাদেশ।
শুক্রবার (১৮ ডিসেম্বর) বিকেলে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামনের এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের সদ্য পরাজিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত ২২ এপ্রিল এক নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন যাবত চলমান ইমিগ্র্যান্ট ভিসার কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেন। এরপর থেকে প্রায় গত ৯ মাস ফ্যামিলি ভিসা প্রদান বন্ধ রয়েছে। এতে বাংলাদেশের প্রায় ২০ হাজার ভিসা প্রার্থী ভিসা না পেয়ে এক অনিশ্চয়তায় দিন কাটাচ্ছে, এবং বাংলাদেশসহ আরও ৩ লক্ষ মানুষের ভিসার কেস স্থবির হয়ে পড়েছে। এ অবস্থায় ভিসা প্রার্থীদের পরিবারবর্গ চরম উদ্বেগ উৎকণ্ঠায় রয়েছেন।
বক্তারা আরও বলেন, অনেক ভিসা প্রার্থীরা ১৪ থেকে ১৫ বছর ভিসার ফি জমা দিয়ে অপেক্ষায় রয়েছেন তাদের ও তাদের পরিবারের কথা চিন্তা করে জরুরি ভিত্তিতে পুনরায় পারিবারিক ইমিগ্রেশন ভিসা কার্যক্রম চালুর ব্যবস্থা গ্রহণ করার অনুরোধ জানান।
মানববন্ধন কর্মসূচি পরবর্তী যুক্তরাষ্ট্রের নব নির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনকে অভিনন্দন জানিয়ে নগরীতে একটি র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টায় এসে শেষ হয়।
ইউএসএ ইমিগ্র্যান্ট ভিসা পেন্ডিং কেস হোল্ডার্স কমিউনিটি ফ্রম বাংলাদেশ স্বেচ্ছাসেবী অরাজনৈতিক সংগঠনটি ২০১৭ সালের ২ জুন গঠিত হয় এবং শুরু থেকেই আমেরিকার ইমিগ্র্যান্ট ভিসায় অপেক্ষমাণদের নানা ধরনের তথ্য দিয়ে ফ্রি সেবা প্রদান করে আসছে। এছাড়াও এ পর্যন্ত প্রায় ৮০টি মতবিনিময় ও ১০টি ইমিগ্র্যান্ট সেমিনার করেছে সংগঠনটি। সংগঠনটির সদস্য সংখ্যা প্রায় ১২ হাজার।❐



