
জসীম উদ্দীন মুহম্মদ
রক্তের রঙ বদলে গেছে,
মাটির গায়ে লেগে থাকা লালচে গোধূলি আজও সাক্ষী,
একটি শহর কাঁদে – তার চোখে কেবল ধ্বংসের ছায়া।
বাতাসে পুড়ে যায় পুস্তকের পৃষ্ঠা,
বর্ণমালার গায়ে গুলির দাগ,
শিশুর কান্না ভেসে যায় বুলেটের শব্দে,
জন্মের আগেই যারা হয়ে যায় মৃতের সারি।
রাতের আকাশে নক্ষত্র নেই,
শুধু জ্বলছে আগুনের ফুলঝুরি –
বোমার আলোয় জেগে ওঠে ধ্বংসস্তূপের মসজিদ,
আজানের সুর মিশে যায় বিষণ্ন বাতাসে।
বুকের ভিতর আগুন নিয়ে হাঁটে এক বৃদ্ধ,
তার হাতের রেখাগুলো নদীর মতো বয়ে যায় –
কিন্তু সেই নদীর জল শুকিয়ে গেছে,
শুধু রয়ে গেছে ইতিহাসের লুণ্ঠিত কর্দম।
ঘড়ির কাঁটা বন্ধ হয়ে আছে এক নির্দিষ্ট সময়ে,
যখন প্রথম বুলেট ছুটেছিল ঘুমন্ত গর্ভের দিকে।
তবু প্রতিটি কান্নার ভিতরে বেঁচে থাকে এক প্রতিজ্ঞা –
ফিরে আসবে গাছের পাতায় রঙিন ঋতু,
ফিরে আসবে স্বাধীনতার সবুজ সকাল!



