
সারমিন চৌধুরী
কুয়াশা মাখা ভোরের স্নিগ্ধ পরশে
পেঁজা তুলো নীলাম্বরীর খামে ঢাকের বোলে,
শুভ্র কাশফুলের পুলক ভরা শারদীয় রং মেখে
স্থলপদ্ম,বকুল,দোলনচাঁপা ফুলের সুবাস ভরে
গোপনে পাঠালাম তোমার নামে শরতের চিঠি-
যেখানে সযত্নে বুনেছি প্রণয়ী প্রেম কাশের পুচ্ছে!
হৃদয়ে রোমন্থন হবে শরতের স্মৃতি নবরূপে-
অযুত উপমায় খুঁজে পাবে শরতের নিযুত প্রীতি
জানো শরতের নীল আকাশ কতটা ঝলমলে;
অথচ,আমার ভেতরটা তুমিহীন একেবারে ধূসর।
মেঘের শতদল উড়ে ক্লান্ত রামধনুদের নীড়ে।
কিন্তু আমি অপেক্ষায় গাঁথি শিউলীফুলের মালা
শরতের কত বিকেল কেটেছিলো আঙুল ছুঁয়ে,
মনে আছে কি সেই দুষ্টুমিষ্টি খুনসুটিগুলো?
যখন দোয়েল পাখির শিসে রোমাঞ্চিত হতো।
দেখ বর্ণিল শরৎ মুছে দিয়েছে অশনী অভিমান
মৃদু বাতাসে দোলায়িত মন হচ্ছে আজ ব্যাকুল,
দিও তুমি প্রেম মাখা শরৎ চিঠির প্রত্যুত্তর।



