
শেখ হাসিনা জুট মিলসহ আট প্রকল্প অনুমোদন
রূপসী বাংলা ডেস্ক:শেখ হাসিনা স্পেশালাইজড জুট টেক্সটাইল মিলসহ আট প্রকল্প অনুমোদন দিয়েছে একনেক । ৫১৮ কোটি ৮৫ লাখ টাকা ব্যয় ধরা শেখ হাসিনা জুট মিল প্রকল্পটি ২০২০ সাল নাগাদ বাস্তবায়ন হবে, যার পুরো অর্থায়ন করবে সরকার।
মঙ্গলবার রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপারসন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রকল্পগুলো অনুমোদন দেয়া হয়। আজকের সভায় মোট ৮টি প্রকল্প অনুমোদিত হয়।
একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের ব্রিফ করেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
পরিকল্পনামন্ত্রী বলেন, সম্ভাবনাময়ী পাটশিল্পকে আরও এগিয়ে নিতে জামালপুরের মাদারগঞ্জে প্রায় ৫১৯ কোটি টাকায় শেখ হাসিনা স্পেশালাইজড জুট টেক্সটাইল মিল বাস্তবায়ন হবে। অভ্যন্তরীণ ও বৈদেশিক বাজারে বহুমুখী পাটপণ্য উৎপাদন বাড়াতেই এ প্রকল্প হাতে নেয়া হয়েছে। এর উদ্দেশ্য হলো- পাট ও তুলা সংমিশ্রণে সাশ্রয়ী মূল্যে সুতা, কাপড় ও তৈরি পোশাক (বিশেষ করে ডেনিম প্যান্ট, জ্যাকেট, শার্ট) ইত্যাদি তৈরি ও বিক্রি করে অতিরিক্ত রপ্তানি আয় বৃদ্ধি করা।
অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো, ৩ হাজার ৬৭০ কোটি ৪৯ লাখ টাকার পদ্মা (যশোলদিয়া) পানি শোধনাগার নির্মাণ, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের আওতায় কমিউনিটি সেন্টার নির্মাণ প্রকল্প (খরচ ২৬৮ কোটি ৭৬ লাখ টাকা), ১৬টি আঞ্চলিক পাসপোর্ট অফিস নির্মাণ প্রকল্প (খ৮৭ কোটি টাকা), ঢাকার গুলশানে ১৩২/৩৩/১১ কেভি ভূ-গর্ভস্থ গ্রিড উপকেন্দ্র নির্মাণ প্রকল্প (৯৫০ কোটি ৯৭ লাখ টাকা), মোল্লাহাট ১০০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের জন্য ভূমি অধিগ্রহণ ও ভূমি উন্নয়ন প্রকল্প (৮২ কোটি ৭১ লাখ টাকা), ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিসিন অ্যা অ্যালায়েড সায়েন্সেস (ইনমাস) ময়মনসিংহ ও চট্টগ্রামে সাইক্লোট্টন ও পেস-সিটি এবং ইনস্টিটিউট অব নিউক্লিয়ার মেডিকেল ফিজিক্স (আইএনএমপি), সাভারে সাইক্লোটন সুবিধাদি স্থাপন প্রকল্প (৬৭৩ কোটি টাকা)। সোনাইমুড়ী-সেনবাগ-কল্যান্দী-চন্দেরহাট-বসুরহাট সড়ক উন্নয়ন প্রকল্প (২৪১ কোটি ৩০ লাখ টাকা)।
পরিকল্পনামন্ত্রী বলেন, বর্তমানে ঢাকা মহানগরীর জনগণের দৈনিক ২৩৫ কোটি লিটার পানির চাহিদার বিপরীতে ২৩৫ কোটি লিটার পানি সরবরাহ করা সম্ভব হচ্ছে। এর মধ্যে ভূ-গর্ভস্থ উৎস্য থেকে ৭৮ শতাংশ এবং সারফেস ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট থেকে ২২ শতাংশ পানির চাহিদা জোগান দিচ্ছে। ভূ-গর্ভস্থ পানি উত্তোলনের কারণে প্রতিবছর পানির স্তর ২ থেকে ৩ মিটার নিচে নেমে যাওয়া পরিবেশের পাশাপাশি ভবিষ্যতে খাবার পানির সরবরাহের জন্যও হুমকি। এ প্রেক্ষাপটে পদ্মা (যশলদিয়া) পানি শোধনাগার নির্মাণ (ফেজ-১) প্রকল্পের সংশোধনী প্রস্তাব অনুমোদন দেয়া হয় সভায়।
এডিপি বাস্তবায়নে রেকর্ড
সদ্যসমাপ্ত ২০১৭-১৮ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ৯৩ দশমিক ৭১ শতাংশ বাস্তবায়ন হয়েছে বলে জানান পরিকল্পনামন্ত্রী। তিনি বলেন, এ সময়ে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে ১ লাখ ৪৭ হাজার ৭০৩ কোটি টাকা। এ অর্থবছরে সংশোধিত এডিপির আকার ছিল ১ লাখ ৫৭ হাজার ৫৯৪ কোটি টাকা।
২০১৬-১৭ অর্থবছরের চেয়ে ২০১৭-১৮ অর্থবছরে প্রায় ৪০ হাজার কোটি টাকা বেশি ব্যয় হয়েছে জানিয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘গত অর্থবছর এডিপি বাস্তবায়নে রেকর্ড সৃষ্টি হয়েছে। এত বেশি টাকা কোনো অর্থবছরই ব্যয় হয়নি ‘ তিনি আরও বলেন, ‘চলতি অর্থবছর এডিপি সংশোধন করা হবে না। কেননা আমরা আশা করছি পুরো এডিপিই বাস্তবায়ন সম্ভব।’
এ সময় মন্ত্রী গত কয়েক বছরের এডিপির চিত্র তুলে ধরেন। ২০১৩-১৪ অর্থবছরে সংশোধিত এডিপি বাস্তবায়িত হয়েছিল ৯৩ শতাংশ। এ ছাড়া ২০১৪-১৫ অর্থবছরে সংশোধিত এডিপির ৯১ শতাংশ, ২০১৫-১৬ অর্থবছরে ৯২ দশমিক ৭২ শতাংশ সংশোধিত এডিপি বাস্তবায়িত হয়।
এডিপি বাস্তবায়নে শীর্ষ বিভাগগুলোর মধ্যে রয়েছে বিদ্যুৎ বিভাগ ১০৩ দশমিক ৫৬ শতাংশ। গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় ১০৩ দশমিক ১১ শতাংশ। ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ১০১ দশমিক ৮০ শতাংশ। পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগ ১০০ দশমিক ৪৬ শতাংশ। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় ৯৯ দশমিক ৮১ শতাংশ। কৃষি মন্ত্রণালয় ৯৯ দশমিক ৭৯ শতাংশ। প্রতিরক্ষা মন্ত্রণালয় ৯৯ দশমিক ৬৯ শতাংশ। জন নিরাপত্তা বিভাগ ৯৯ দশমিক ৫৬ শতাংশ। নৌ-পরিবহন মন্ত্রণালয় ৯৯ দশমিক শূন্য ৬ শতাংশ। সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ ৯৮ দশমিক ৯৬ শতাংশ।
বাস্তবায়নে পিছিয়ে আছে জাতীয় সংসদ সচিবালয় ২ দশমিক ৬০ শতাংশ; অভ্যন্তরীন সম্পদ বিভাগ ২৪ দশমিক ৮৩ শতাংশ; বাণিজ্য মন্ত্রণালয় ৩১ দশমিক ৩০ শতাংশ; নির্বাচন কমিশন সচিবালয় ৪০ দশমিক ৩৬ শতাংশ; আর্থিক প্রতিষ্ঠান বিভাগ ৪৫ দশমিক শূন্য ৭ শতাংশ; বেসামারিক বিমান পরিবহণ ও পর্যটন মন্ত্রণালয় ৫৬ দশমিক ১৫ শতাংশ ও অর্থ বিভাগ ৬০ দশমিক ৫৮ শতাংশ।



