
সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে নিউ ইয়র্কে সমাবেশ
কুমিল্লাসহ বাংলাদেশে ক্রমবর্ধমান হিন্দু ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে নিউ ইয়র্কসহ বিশ্বব্যাপী বড় বড় শহরগুলোতে সমাবেশ করা হয়েছে। সমাবেশ শেষে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, জাতিসংঘ, ইউরোপিয় ইউনিয়ন ও অন্যান্য মানবাধিকার সংস্থাগুলোতে সংগঠনের পক্ষ থেকে স্মারকলিপি দেওয়া হয়।
আজ সংবাদ বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়, শুক্রবার ১৩ নভেম্বর গ্লোবাল বেঙ্গলী হিন্দু কোয়ালিশন (জিবিএইচসি) এ সমাবেশের আয়োজন করে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলাদেশে প্রশাসনের সহায়তা ও নির্লিপ্ততা এবং বুদ্ধিজীবীদের মৌনতায় মৌলবাদী জনগোষ্ঠী হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের জীবন দুর্বিষহ করে তুলেছে বলে স্মারকলিপিতে দাবী করা হয়। সেখানে বলে হয়, মুরাদনগরে হিন্দুর বাড়ীঘর পুড়িয়ে দেওয়া, ঘটনাকে এর সর্বশেষ দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশে এখন জোর-পূর্বক ধর্মান্তরের অসংখ্য ঘটনা ঘটছে। নাবালিকা ধর্ষণ, ধর্ষকের সাথে বিয়ে ও ধর্মান্তকরণ মহামারী আকারে দেখা দিয়েছে উল্লেখ করে ফেসবুকে তথাকথিত ইসলাম অবমাননার অজুহাতে প্রায় একশ’ সংখ্যালঘু যুবক-যুবতী জেলে বিনাবিচারে আটক রয়েছে। হিন্দুর সম্পত্তি ‘গনিমতের মাল’ হিসাবে বিবেচিত হচ্ছে। এমনকি নারায়ণগঞ্জের মেয়র দেবোত্তর সম্পত্তি দখল করেছেন বলে অভিযোগ উঠেছে। বাংলাদেশে এখন সংখ্যালঘুর জান-মাল নিরাপদ নয়।
স্মারকলিপিতে অভিযোগ করা হয়, এসব ঘটনায় সরকার নীরব এবং মৌলবাদীদের প্রশ্রয় দিয়ে যাচ্ছে। রামু থেকে কুমিল্লায় সংখ্যালঘু নির্যাতনের অসংখ্য ঘটনা ঘটলেও সরকার আজ পর্যন্ত একটি ঘটনার বিচার করে নি। হিন্দুরা প্রতিদিন দেশত্যাগ করছে বা তাদের বাধ্য করা হচ্ছে।
জিবিএইচসি’ এবং অন্যান্য স্থানীয় সংগঠন সর্বত্র একই স্মারকলিপি দিয়েছে। কোথাও কোথাও একাধিক স্মারকলিপি দেওয়া হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
নিউইয়র্কে জাতিসংঘের সামনে সমাবেশ করেছে হিন্দু কোয়ালিশন, ইউএসএ। তারা কনস্যুলেটের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দেন। জাতিসংঘ মহাসচিব বরাবরে স্মারকলিপি দিয়েছে জিবিএইচসি ও হিন্দু কোয়ালিশন, ইউএসএ। ক্যালিফোর্নিয়ায় বৌদ্ধ সম্প্রদায় স্মারকলিপি দিয়েছে। কানাডায় সমাবেশ হয়েছে এবং স্মরকলিপি দিয়েছে জিবিএইচসি ও টরন্টো মাইনোরিটি এলিয়েন্স। জেনেভা, ফ্রান্স, লন্ডন, সুইডেন-এ কনস্যুলেটের মাধ্যমে স্মারকলিপি পৌঁছে দেওয়া হয়েছে। নিউইয়র্কে যে সব সংগঠন অংশ নিয়েছে এঁরা হচ্ছে, হিন্দু কোয়ালিশন; বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খৃষ্টান ঐক্য পরিষদ, ইউএসএ; বাংলাদেশ পূজা সমিতি; মহামায়া মন্দির, নিউইয়র্ক; জুম্মা কাউন্সিল; মোরো লাইফ মেটার্স; বাংলাদেশ বুড্ডিষ্ট কাউন্সিল প্রমুখ; বৌদ্ধ সম্প্রদায় একটি স্মরকলিপি দিয়েছে। .
দিল্লিতে বাংলাদেশ কনস্যুলেটের সামনে সমাবেশ হয়। এতে গ্লোবাল বেঙ্গলী হিন্দু কোয়ালিশন, বিশ্ব হিন্দু পরিষদ, ও বেঙ্গলী হিন্দু মহাসংঘ যৌথ নেতৃত্বে বাংলাদেশের প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়। কোলকাতায় এই তিন সংগঠন পুলিশের বাধার কারণে সমাবেশ করতে পারে নি, কিন্তু তাদের একটি প্রতিনিধি দল বাংলাদেশ কনস্যুলেটে গিয়ে স্মারকলিপি দেয়।
বাংলাদেশ জাতীয় হিন্দু ফোরাম, হিন্দু যুব ও হিন্দু ছাত্র ফোরাম ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সবাবেশ করে।❐



