
শাহজালাল সুজন
তপ্ত রোদের আকাশ পানে
সুর বিরহী ছুঁড়ছে গানে
লাল সবুজের ঘর,
নিয়ম ভাঙার শব্দ চষে
মিলে না ছক অংক কষে
বাংলার বুকে চর।
ভুতের কণ্ঠে রামের বাণী
ভালো চোখে পড়ে ছানি
ওঝার মন্ত্র কই,
সবুজ বনে আগুন জ্বলে
উপরে পানি পেট্রোল তলে
ঘাসের ডগায় মই।
শাসন শোষণ সবজি ডালে
খিচুড়ি আজ আইনে চালে
বাঁধ অবাধে কূল,
ফুরুৎ ফারুৎ দেশের গতি
কোথাও কমা কোথাও যতি
সবই সর্ষে ফুল।



