
‘সলোমন দ্বীপপুঞ্জে চীনা সেনাবাহিনীর কোনো উপস্থিতি থাকবে না’
সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী মানেস সোগাভারে শুক্রবার জানিয়েছেন, তিনি অস্ট্রেলিয়াকে নিশ্চয়তা দিয়েছেন সলোমন দ্বীপপুঞ্জে চীনা সেনাবাহিনীর কোনো উপস্থিতি থাকবে না।
দক্ষিণ প্যাসিফিক অঞ্চলের এই দ্বীপপুঞ্জকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র অস্ট্রেলিয়া তাদের মিত্র এবং চীনের মধ্যে কূটনৈতিক লড়াই চলছে।
বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিস সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রীর সঙ্গে ক্যানবেরায় বৈঠক করেন।
এ বছর চীনের সঙ্গে একটি নিরাপত্তা চুক্তি করে সলোমন দ্বীপপুঞ্জ। এতে করে অস্ট্রেলিয়ার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে যায় তাদের। সম্পর্ক নতুন করে জোড়া লাগানোর চেষ্টা করছে দুই দেশ। সলোমন দ্বীপপুঞ্জ চীনের সঙ্গে নিরাপত্তা চুক্তির পর শঙ্কা দেখা দেয় এ অঞ্চলে আসবে চীনের সেনারা।
সংবাদ সংস্থা এএফপির প্রশ্নের জবাবে সলোমন দ্বীপপুঞ্জের প্রধানমন্ত্রী একটি লিখিত জবাব দেন। সেখানে তিনি বলেছেন, চীনের ব্যাপার, এটি একটি স্পর্শকাতর বিষয় যা নিয়ে আমরা আলোচনা করেছি।আমি যখন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিসের সঙ্গে গতকাল কথা বলি তখন তাকে নিশ্চয়তা দিয়েছি আমরা এমন কিছু (চীনের সেনাদের উপস্থিতি) হতে দেব না।
গত বছরের নভেম্বরে সলোমন দ্বীপপুঞ্জে রক্তক্ষয়ী সংঘর্ষ ছড়িয়ে পরে। চীনের প্রভাব বিস্তার ও দারিদ্রতার কারণে এসব সংঘর্ষ হয়। ওই সময় সলোমন দ্বীপপুঞ্জের রাজধানী হোনিরাতে অবস্থিত চায়নাটাউন জ্বালিয়ে দেওয়া হয়।
ভয়েস অব আমেরিকা



