
সন্ধ্যার স্বতন্ত্র সূর্য ঢেলেছে অন্তিম অনুরাগ
আলো আর আঁধারের অপরূপ লুপ্ত লুকোচুরি;
বিশুদ্ধ ব্রহ্মাণ্ড ব্যাপী বিধাতার সুদৃষ্টি সজাগ
অণিমার অনুভূতি পেতে চায় তাঁহার মঞ্জুরি।
প্রত্যাদেশ প্রতারিত দিগ্বিজয়ী প্রাজ্ঞ প্রবঞ্চক
একবিংশ শতাব্দী যেন দূরদর্শী দুরাচারী;
প্রযুক্তির পরাকাষ্ঠা গড়ে ব্যভিচারী বিদূযক
অশ্লীল আগামী আনে নগ্নতার মুগ্ধ মহামারি।
সিন্ধুর শীতল জল অমরার প্রদত্ত তর্পণ
প্রাণহীন পৃথিবীতে ফোটায়েছে জীবনের ফুল;
মানুষের মুখ যেন আদিগন্ত মনের দর্পণ
মুখোশের মায়াজালে অন্ধকার হয়েছে আকুল।
অতঃপর সূর্য আঁকে প্রকৃতির প্রেমের মাধুরী
হৃদয়ের হেঁয়ালিতে সমাপ্ত সঙ্গীত সুরহীন;
মহাকাল সঙ্গোপনে সময় করছে সব চুরি
কালের কলঙ্ক মেখে রাত্রি তাই হয়েছে সঙ্গিন।
নূপুরের ঝংকারে ঝরে পড়ে রাতের রাগিনী
শাশ্বত সত্ত্বার সাথে শয়তান নেমেছে দ্বৈরথে;
কামনার কারাগারে নাচে আজ সন্ধ্যার স্বৈরিণী
অতীতের অমার্জিত পাপ ভাসে ভূত ভবিষ্যতে।



