
কোমল দাস
পঁচিশ তলার ছাদে ছিল কাকা
নিচের থেকে গণেশ দিলো হাঁকা,
কুণ্ডু-মশাই তোমার মেয়ে ভেগে গেছে কাল
অমনি কাকা ছাদের থেকে জোরসে দিল ফাল!
কিছু নিচে আসার পড়ে তার
বুকের ভেতর উঠলো হাহাকার,
ভাবলো কাকার কোনো মেয়ে নেই তো আমার ভবে
ছাঁদের থেকে কেন আমি মরছি পড়ে তবে?
ক্ষণিক নিচে আসার পড়ে ফের
তখন যেটা পেলো কাকা টের,
ওরে ঠাকুর কাকা না-কি বিয়েই করে নাই
কেঁদে বলে বাঁচাও বিধি পড়ি তোমার পায়।
কাকা তখন বলে গভীর শোকে
হলো এ-কি আমার মনের ঝোঁকে?
আবার ভাবে ব্যাটা গনেশ দিল এমন চাল
নিচে গিয়ে হারে-হারে বোঝাবো এর ঝাল!
হঠাৎ করে ভেবে দেখে কাকা
কুণ্ডু বলে দিয়েছিল হাঁকা,
ওরে ঠাকুর আমি তো আর কুণ্ডু মশাই নয়
তবে কেন গাধার মতো দিলাম পরিচয়?
এমন গাধা জগত মাঝে আছে ভুরি-ভুরি
হুজুগ বশে কাজে তাদের নেই তো কোনো জুড়ি।



