
শাহজালাল সুজন
শরতেরই শ্বেত পাদুকা
রেখে গেলে ছাড়ি,
বৃষ্টির কন্যা অভিমানে
মেঘের দেশে পাড়ি।
শুভ্র শাড়ির আঁচল ভাসে
সবুজ শ্যামল জুড়ে,
হাতছানি দাও কপোতাক্ষে
ডাকো গানের সুরে।
রূপের ঝলক ঝুম বালিকা
বাংলা ঋতুর বায়ে,
সবুজ পাতার ভাঁজে তুমি
লাল গালিচায় গায়ে।
নদীর সাথে প্রেম মিতালী
জল তরঙ্গে ভাসে,
উজান বায়ে যৌবনা রূপ
নরম ঠোঁটে হাসে।
হেমন্তের এই রূপসী সাজ
আঁচড় কাটে মনে,
পিয়াসী মন মধুপ আশে
রয় হেমন্তের ক্ষণে।



