
তাহমিদ হাসান
গৌতম, কোথায় যাবে? নির্জন রজনী বাড়িয়েছে বাহুদ্বয়,
পৃথিবীর রহস্যের চোরাবালি কেন করে যেতে চাও পার?
নিঃসঙ্গ নির্বাণ তুমি, আমাদের আরাধনা হয়ে গেছে ক্ষয়,
আলো জ্বলে নিভে গেছে, চারিদিকে শুধু নারকীয় অন্ধকার।
কেন তুমি গিয়েছিলে? নীরবে করেছ কামনার নির্বাসন,
রাজ্য নয়—নারী নয়—তোমায় ডেকেছে এক ভিন্ন জগতের রূপ;
অনন্ত অশ্বথ তলে যুথচারী জোনাকিরা ভরায়েছে মন,
সব তারা নিভে গেছে, কেঁদে কেঁদে রূপসীরা হয়ে গেছে চুপ।
আজ সেই রূপসীরা জেগেছে আবার, তুলেছে বিষাক্ত ফণা,
মরে গেছে অতীতের নদী, মাঝি তাই হারায়েছে নিরুদ্দেশে;
ব্যর্থতার বাতায়নে বসে আছে শান্তিবাদী মানুষের দল।
অরণ্যের হায়েনারা ভাগ নিয়ে করে সুচতুর আলোচনা,
নদীর মতন মরে গেছে প্রেম, আহা, একদিন ভালোবেসে;
তোমার মন্ত্রণা আজ ম্রিয়মাণ, সব আমাদের কর্মফল!



