গল্পসাহিত্য

হাঙর

শামীম আরা


সাগরের পাড়। একপাশে বালি ধু ধু। আর অন্য পাশে গর্জন। এখানের মানুষেরা প্রকৃতির সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে। হ্যান্ড টু মাউথ। কোথাও কোনো ফসলের বালাই নেই। শুধু নির্ভরশীলতা ওই সাগরটির ওপর। বংশ পরম্পারায় এখানকার লোকেরা জেলে। ছোট থেকে সাগরের সাথে সখ্যতা গড়ে ওঠে এদের। সেটা জীবনের তাগিদে। মাছ ধরে এবং হাটে বেচে। যা পায় তাই দিয়েই তাদের জীবন নির্বাহ করে। তারা মাছ ধরলেও তা খেতে পারে না। বড় বড় মাছের লাফালাফি, ছোট ছোট মাছেদের অসহায় দৃষ্টি দেখে শুধু। জীবিকার জন্য অন্যের হাতে তুলে দেয়। প্রকৃতির সাথে যুদ্ধ করে এরা বেঁচে থাকে। এমনই যে বিধান! মানুষদের খেয়েপরে বাঁচতে তো হবে! সেটা যে ভাবেই হোক না কেন।

আজ আকাশটা মেঘলা। আকাশে মেঘ গুড়গুড় করছে। লোকে বলে ইলশেগুঁড়ি। শ্রাবণের শেষ প্রায়। তবে মাঝে মাঝে আলো দেখা যায় আকাশে। এমন বৈরী আবহাওয়াতে ভালো মাছ পাওয়া যায়। কিন্তু রস্তমের সেদিকে খেয়াল নেই। প্রতিদিনের মতো আজও সে অনেক আশা নিয়ে জাল পেতে বসে আছে। তার একটি বড় মাছ চাই। তার সাথে অনেক ছোটবড় মাছও তার চাই। বাজারে বিক্রি করে রস্তম অনেক বড়লোক হতে চায়। এই দারিদ্রতা তার আর ভালো লাগে না। ঘরে পোয়াতি বউ রয়েছে, সঙ্গে আরও চারটি সন্তান। শুধু খাই খাই করে তাকে বিচ্ছুর মতো আঁকড়ে ধরে। এতগুলো মুখ সে কিছুতেই ভরাতে পারে না। প্রতিদিনই সংসারের কিচিরমিচির এক অশান্তি নিয়ে সে মাছ ধরতে আসে। তবে আসার পর এখানেই তার শান্তি। জাল পেতে সে আকাশ দেখে, পানির ছলাৎ ছলাৎ শোনে, প্রকৃতির নির্মল বাতাস তাকে প্রশান্তির পরশ মেখে দেয়। বৈরি আবহাওয়াতেও তাকে সে আরও মেলে ধরে। ভাবে আজ নিশ্চয়ই মাছ পাবে, খুশি মনে এবার ঘরে ফিরবে সে। প্রতিদিনই একটি হাসিখুশি পরিবার কল্পনা করে। আজও মনের আনন্দে সে গান ধরে, ‘ওরে মাঝিরে কোন গাঙে নাও ভেরাও কার বিহনে, গাঙের পারে আইসা বন্ধু আমায় লইয়া যাও…’

হঠাৎ তার জালে ঝটকা টান খেয়ে রস্তম উল্টো দিকে চিৎ হয়ে শুয়ে পড়ে। সেখান থেকে আস্তে আস্তে তাকে সাগরের দিকে টেনে নেয় জালের রশিটি। আনন্দে চিৎকার করে ওঠে রস্তম। শরীরের সমস্ত শক্তি নিয়ে লাফিয়ে উঠে শক্ত করে জালের রশি টেনে ধরে। এবার সত্যিই বোধহয় তার ভাগ্য ফিরবে। তার জালে অনেক মাছ আটকা পড়েছে। জালকে টানতে একটি খুঁটি বালিতে পুঁতে দেয় তারপর আস্তে আস্তে জালটি নিজের দিকে টানতে থাকে। দূরে একটি ডিঙি নৌকা ঢেউয়ের তালে নাচছে। আরও কয়েকজন জেলে রস্তমের দিকে তাকিয়ে বলে ওঠে, কিরে! জালে মনে হয় অনেক মাছ আটকা পড়েছে? কইষা ধর্ নয়ত তো ছুইট্টা যাইবো, আমরা আসমু নাকি রস্তম?

রস্তম কোনো উত্তর দেয় না। তার মনোযোগ পুরোই জালের দিকে। মনে তার উত্তাল তরঙ্গের ঢেউ বলকাচ্ছে। খুব ধীর গতিতে জালটি টেনে তুলতে চাইছে রস্তম। সেটা অন্য জেলেদের বুঝতে দিতে চায় না যে আজ তার জালে কী ঘটতে চলেছে। অন্য জেলেরা রস্তমের উত্তর না পেয়ে আর বিরক্ত করে না তাকে।

রস্তম তার মনোজগতের এক রাজ্য নিয়ে তখন তার রাজা বনে গিয়েছে। ভাবছে তার এই মাছ পাওয়ার পর কী কী ঘটতে যাচ্ছে। প্রথমে এই মাছগুলো নিয়ে সে ঘরে যাবে না। এক্কেবারে সোজা বাজারে। অনেক টাকা পেয়ে প্রথমে সে বউয়ের জন্য একটি লাল শাড়ি কিনবে। কতদিন ধরে বেচারি আবদার করছিল- ও গ্যাদার বাপ, তুমি আমারে গঞ্জ থেকে একটা লাল শাড়ি কিনা দিবা…
রস্তম হুংকার দিয়ে বলেছিল, চুপ বেটি! শখ কত, পেটে নাই ভাত, চোখে এত রঙ কইত্তে আহে? বলেই এক ঝটকায় চুলের মুঠি ধরে আরও বলেছিল, ভাত দে আগে, ক্ষিধায় জ্বালা ধরছে আর উনি কয় লাল শাড়ি!

লাল টুকটুক শাড়িতে ময়নার মারে বাসর রাইতের মতো বউ লাগবো! রস্তম নড়েচড়ে ওঠে, আনন্দে আর এক হেঁচকা টান মারে। সে বুঝতে পারে আজ একটা কিছু ঘটতে যাচ্ছে, তার অভিশপ্ত জীবন পালটে যাচ্ছে আজ।

রস্তম ঘাট মেরে শক্ত হয়ে বসে থাকে। ভাবে তার মেয়ে কতদিন বলেছে স্কুলে যাবে, একটি স্কুল ড্রেস চায় সে। ড্রেস ছাড়া তাকে স্কুলে জায়গা দেয় না। সাগরের পাড় থেকে বেশটা পথ দূরে একটি দাতা সংস্থার স্কুল রয়েছে। সেখানে সে পড়তে চায়। কিন্তু রস্তম তার মেয়েকে পাঠাতে পারে না। আজ মাছ বিক্রি করে মেয়ে জন্য একটি স্কুল ড্রেস বানাতে দেবে। একদিন সারাদিন তার ময়না অনেক কেঁদেছিল, নাওয়াখাওয়া ছেড়ে দিয়েছিল।

কীরে ময়না কী হয়েছে তোর, এখানে বসে কাঁদতাচ্ছি কেরে, তোর মা কই।

বাপজান আমায় স্কুলে নেয় না, আমার যে ছিঁড়া কাপড়, আমায় একটা স্কুল ড্রেস বানাইয়া দিবা?

কে তোরে এই বুদ্ধি দিছে, পেটে নাই ভাত আর বলস্ স্কুল, সেটা কী আমাগো মানায়, যা এহান থেকে। সাগরে যা, ঝিনুক কুড়ায়ে আন। তাও তো দু পয়সা হয়।

ময়না সেদিন সাগরে যায়নি। সারাটা দিন কেঁদেছে।

এবার রস্তম তাকে স্কুলে পাঠাবে, ড্রেস বানিয়ে দেবে। আনন্দে হঠাৎ রস্তম দাঁড়িয়ে যায়। দেখে যতই টানছে ততই ভারি হয়ে আসছে তার জাল।

রস্তমের ঘরে আরও দুটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। ছেলে দুটি সাগরের পাড়ে সাহেবদের পেছন পেছন হাঁটে, সাব, ঝিনুকের মালা নিবেন? ঝিনুকের মালা? আফারে দেন খুশি হবো স্যার।

ওদেরকে আর ঝিনুক বেচতে দেবে না রস্তম। ময়নার সাথে ওদেরকেও স্কুলে পাঠাবে।

কিছু টাকা স্থানীয় একটি ব্যাংকেও রাখবে রস্তম। বউয়ের আবার বাচ্চা হবে। ডাক্তারেরও খরচ তো আছে। বউকেও ভালো মন্দ খাওয়াতে হবে। ছোট মেয়েটার তেমন যত্ন হয় না, এইত এক বছর। তার খেয়ালও করতে হবে। ঘরের টিনের চাল দিয়ে পানি পড়ে, রাতে ঠিক মতো ঘুম হয় না। সেটাও মেরামত করতে হবে। বেড়াও মজবুত করা দরকার। ময়নাটা তো বড় হচ্ছে। রস্তম আবারও জালে টান মারে। এবার আগের মতো মনে হয় না। কিছুটা কমে আসছে যেন। সে ভাবে কিছু মাছ কি ছুটে গেল? দুপুর গড়িয়ে বিকেল হয়ে গিয়েছে। এখনও মেঘের ঘনঘটা কাটেনি। চারপাশ অন্ধকার হয়ে আসছে। তাতে রস্তমের কিছু আসে যায় না। তার জালে আজ বিশাল বিশাল মাছ ধরা পড়েছে। সারাদিন তার খাওয়া হয়নি। মাঝে ময়না এসে বলেছে, ও বাজান, ঘরে চলো, খাওনের জন্যে মা ডাকতেছে বাজান।

রস্তমের মেয়ের কথা কানে যায় না। সে ক্ষণে ক্ষণে জাল ধরে টান মারছে আর সুখ স্বপ্নে নড়েচড়ে বলেছে, যা বিরক্ত করিস না, দেখস্ না জালে বড় বড় মাছ পড়ছে?

ময়নাও খুশিতে লাফাতে লাফাতে ঘরে ফিরে যায়, মা! বাপজান কইছে আজ বিশাল মাছ পড়ছে জালে। বাপজানের খাওন গামছা বাইন্দা দেও, লইয়া যাই।

হাছা কইতাছস! আয়, নে খাওন লইয়া যা। রস্তমের বউ পুটুলিতে খাবার বেঁধে দিয়ে দেয় তার মেয়ের হাতে। ময়না খাবারের পুটুলি নিয়ে রস্তমের কাছে আসে। জালের খুটির ভেতর ময়নাকে বসিয়ে তাড়াতাড়ি রস্তম খেয়ে নেয়। আবারও জালে দু হাত পেঁচিয়ে সুখ নিদ্রায় যায় রস্তম কখন যেন। আর মাঝে মাঝে জাল ধরে টান দেয়।

সন্ধ্যা ঘনিয়ে আসছে। চারপাশ আরও অন্ধকার হচ্ছে। মাঝে মাঝে চাঁদকে আড়াল করে মেঘেরা ঘোরাঘুরি করছে। সমুদ্রের ঢেউ আছড়ে পড়ছে রস্তমের পায়ের তলে। অন্যান্য জেলেরাও হৈ হৈ রবে মাছের সন্ধানে নেমে পড়ছে সমুদ্রে। এ সময় একটা ঝাঁক আসে মাছেদের।

রস্তমের সেদিকে কোনো খেয়াল নেই আজ। সে বেঘোরে ঘুমাচ্ছে। ক্ষণে ক্ষণে জেগে উঠছে। তার হাতের বন্ধনটি কেমন যেন হালকা হয়ে যাচ্ছে। যতই টানছে ততই যেন সহজ মনে হচ্ছে রস্তমের। রস্তম এবার চমকে ওঠে, মাছেরা কি ফাঁকি দিয়ে জাল থেকে বেড়িয়ে গেল! রাতের শেষ প্রহর। সমুদ্র গর্জে উঠছে, শোঁ শোঁ শব্দ চারপাশে। লুকানো চাঁদটি তখনও দেখা যাচ্ছে আবছা অন্ধকারে। রস্তম হাতের রশির টান আর অনুভব করে না। চারপাশ ফর্শা হয়ে উঠছে। গোলাকার চাঁদের বলয় রবির রাগ পূবের আকাশে সমুদ্রের পেট চিরে উঠে আসছে। অপূর্ব দৃশ্য।

রস্তমের কাছে অপূর্ব দৃশ্য কোনো অর্থ বহন করে না। সে দ্রুত উঠে জোরে টান মারে তার কাঙ্ক্ষিত জালের স্বপ্নে। ডাঙায় উঠে আসে কিছু কঙ্কালসার মাছেদের অস্থিসমূহ। আর অন্যদিকে হাঙর তার পেটটি উঁচিয়ে সমুদ্রের কোল ধরে নেমে গেল। রস্তম দেখল মাছেদের অস্থিমজ্জার অদৃশ্য কান্না। হাঙরের পেছন পেছন সেও ঝাঁপ দিলো সাগরে। ভোরের দৃশ্যমান আলোর ঝলকানিকে রস্তমের পরিবার তাকে আর খুঁজে পেলো না। অসহায় একটি পরিবার সাগরের ঢেউয়ে কখনো দেখতে পায় না রস্তমের স্বপ্নবিলাপ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension