
মুহাম্মদ রফিক ইসলাম
দেয়ালে টাঙানো ফ্রেমটাকে খুলে
ছবিটাকে বাইরে নিয়ে এলে,
মুক্তির আনন্দে মুচকি হাসি হাসলে তুমি।
হাসির লাবণ্যে ঢেকে গেলে চাঁদ
জানালায় উঁকি দিয়ে থাকে জোছনা।
জোছনার ছায়ায় ফুটে জোনাকি ফুল
ফুলের ঘ্রাণ কুড়াতে গিয়ে
ছবির ভেতরের ছবির খোঁজে নিরুদ্দেশ হই।
অথচ উড়ে যেতে চাইলে শান্তির কপোতী
যুক্তির বাইরে এসে মেনে নিতে হয়।



