
নুশরাত রুমু
সময়ের সিঁড়িতে আর্তনাদ শুনি গোধূলিবেলার,
রক্তে রঞ্জিত তির্যকরেখা তবু
স্বপ্ন দেখায় সত্যের উজ্জ্বলতায়।
পরাগের খোঁজে পতঙ্গের অভিযান শেষ হয়
অসহায় মায়াবী রাতের সংগীতে
শিশিরের কান্না ঠেলে তারার
মালা জ্বলে ঈর্ষাতুর চোখে,
কামিনীর গন্ধ বুকে নিস্তব্ধ
নিশুতির গতিহীন পথচলা থামে।
ভোরের আলোয় ঘুমচোখে দেখি
শুকতারার প্রস্থান।
গোমড়ামুখের বৃত্তবলয়ে আর বাঁচা নয়,
এক আকাশ প্রসূন ভালোবাসায়
আলোকিত করি তমসা হৃদয়।



