নির্বাচিত কলাম

নির্বাচন, রাজনীতি ও আদর্শহীনতা

সিরাজুল ইসলাম চৌধুরী

নির্বাচন ঘিরে অনেক কিছুই পরিস্কার হচ্ছে। অন্তত সংঘাতের বিষয়টি দিনে দিনে স্পষ্ট হচ্ছে। রক্তপাত, প্রাণহানি ঘটেছে। এই লক্ষণ রাষ্ট্র ও সমাজের জন্য কোনোভাবেই শুভ নয়। একদিকে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা নিজেদের মধ্যে সংঘাতে জড়িয়ে পড়ছেন, অন্যদিকে বিরোধী পক্ষকে দমনের নামে হাজার হাজার মামলা দেওয়া হচ্ছে। গ্রেফতার চলছে। ক্ষমতায় থাকা ও যাওয়ার প্রচলিত রাজনীতি এই সমাজকে অস্থির করে তুলেছে এবং দিনে দিনে তা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। লেভেল প্লেয়িং ফিল্ড নামের যে বহুল প্রচারিত কথাটি আছে, তা আরও জটিল হয়ে পড়েছে। সংসদীয় গণতন্ত্র নিয়ে যে আশার আলো দেখা দিয়েছিল নব্বইয়ের দশকের শুরুতে, এখন তা রীতিমতো ফিকে হয়ে আসছে।
নতুন জোট ঐক্যফ্রন্টের মধ্য দিয়ে রাজনীতির নতুন মেরুকরণ ঘটেছে। নৌকা প্রতীক এবং ধানের শীষ প্রতীকের মধ্যে লড়াই আগেও ছিল; কিন্তু এতটা স্পষ্ট ছিল না, জোট গঠনের মধ্য দিয়ে যা হয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রে হাতি ও গাধার প্রতীক নিয়ে যে লড়াই, বাংলাদেশে এখন সেই ধরনের লড়াই দেখা যাচ্ছে। বুর্জোয়া রাজনীতির মধ্যে আদর্শগত নীতির বিশেষ কোনো মূল্য থাকে না; তারা লড়াই করে কেবল ক্ষমতায় যাওয়ার জন্য। যারা একবার ক্ষমতায় যায়, তারা সর্বোচ্চ শক্তি ব্যবহার করে ক্ষমতায় টিকে থাকতে। আর যারা ক্ষমতার বাইরে থাকে, তারা সর্বোচ্চ শক্তি প্রয়োগ করতে চায় ক্ষমতায় যাওয়ার জন্য। দুই পক্ষেরই শক্তির কেন্দ্রে থাকে ক্ষমতা। নতুন জোট গঠনের মধ্যে আদর্শহীনতার দ্বন্দ্ব আরও পরিস্কার হয়ে গেছে। কারণ এই জোটগুলো বিশেষ কোনো আদর্শকে কেন্দ্র করে তৈরি হয়নি। তৈরি হয়েছে ক্ষমতা লাভের অভিপ্রায়ে। বড় দুই দল একা পারবে না বলেই অন্যদের ডেকে নিয়েছে; অন্যরাও সাড়া দিয়েছে। কারণ একা থাকলে তাদের কেউ পাত্তা দেবে না।
মুক্তিযুদ্ধের পরে দেশে বাংলাদেশি জাতীয়তাবাদ আর বাঙালি জাতীয়তাবাদ নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করা হয়। ড. কামাল হোসেনদের রাজনৈতিক দল ছিল আওয়ামী লীগ, যে দল বাঙালি জাতীয়তাবাদে বিশ্বাসী। অথচ তিনি এখন বাংলাদেশি জাতীয়তাবাদের প্রবক্তা জিয়াউর রহমানের দল বিএনপির সঙ্গে মিশে গেলেন। আবার বদরুদ্দোজা চৌধুরীরা বাংলাদেশি জাতীয়তাবাদ ধারণ করে এতদিন রাজনীতি করেছেন, এখন আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়েছেন। কাদের সিদ্দিকী বঙ্গবন্ধুর আদর্শে অবিচলিত ছিলেন; কিন্তু এখন তিনি আর নৌকায় নেই, ধানের শীষের কাছে চলে গেছেন। বুর্জোয়া রাজনীতি অন্তঃসারশূন্য। জোট দুটির মধ্যে সেটাই লক্ষ্য করছি আমরা। রাজনীতির নতুন মেরুকরণে দল বা ব্যক্তিবিশেষের স্বরূপ উন্মোচিত হয়েছে। রাজনীতির দ্বন্দ্ব আরও প্রকট হবে। বুর্জোয়া শক্তি কখনও জনগণের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে না। আর জনগণ এখন বিকল্প খুঁজছে। বুর্জোয়াদের দ্বন্দ্ব স্পষ্ট হলে বিকল্প খোঁজা সহজ হবে। আদর্শবাদী রাজনীতি হুমকির মুখে। পুঁজির শক্তির কাছে জনগণ হতাশ। জনগণ কেন বিকল্প পথের সন্ধান পায়নি বা বাম বিকল্প শক্তি কেন জনগণের ঐক্য ধারণ করতে পারেনি, তার ঐতিহাসিক কারণ আছে। হঠাৎ করে আজকের এই পরিস্থিতি দাঁড়ায়নি। আবার হঠাৎ করেই বিকল্প শক্তি খুঁজে পাওয়া যাবে না। বুর্জোয়া সংগঠনগুলো নিজেরা নিজেরা লড়াই করলেও তারা জনগণ থেকে বিচ্ছিন্নই ছিল, এবারের নির্বাচনে সেটা আরও বৃদ্ধি পাবে। রাজনীতির নতুন মেরুকরণে বিকল্প শক্তি প্রকাশের সুযোগ তৈরি হয়েছে। আদর্শহীন রাজনীতি কখনও স্থায়ী হতে পারে না। তারা জোট গড়ছে সত্য; তবে এখন পর্যন্ত ভাঙনের লক্ষণও কিন্তু অস্পষ্ট নয়। আমরা ভাঙাগড়ার রাজনীতি তো দেখতেই পাচ্ছি। আমরা খুব খারাপ অবস্থার মধ্যেই আছি। রাজনীতির মেরুকরণে সংকট আরও বৃদ্ধি পাবে। ক্ষমতা, পুঁজি এখন শতকরা দশজনের হাতে। বাকি ৯০ জন হতাশার সাগরে। তারা ক্ষমতার বাইরে। এই চিত্র গোটা বিশ্বের। নিয়ন্ত্রকের ভূমিকায় যারা, তারা ওই দশজনের প্রতিনিধিত্বই করে আসছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, বঞ্চিত, শোষিত শতকরা ৯০ জন মানুষ আজও সংগঠিত হতে পারেনি। এ কারণেই আমেরিকার নির্বাচনেও যে ফল, বাংলাদেশের নির্বাচনেও সেই একই ফল। এমন ভোটের আয়োজন সংকটকে আরও উন্মোচিত করে দেয়। শুধু বাংলাদেশে নয়, সামাজিক অস্থিরতা এখন পশ্চিমা দেশগুলোতেও এটির উন্মোচন ঘটছে। বর্তমান নির্বাচন সমাজের ওপর কী প্রভাব ফেলবে, তা সবাই আঁচ করতে পারছি। একজন ক্ষেতমজুরও বলতে পারছে বাংলাদেশের ভবিষ্যৎ কী! জোর করে যেমন উন্নয়ন করা যায় না, তেমনি ক্ষমতাতেও থাকা যায় না। সমস্যা হচ্ছে পরিবর্তন হয় বটে; তবে তা জনগণের ভাগ্য পরিবর্তনের ভূমিকা রাখতে পারে না।
আসন্ন নির্বাচন সুষ্ঠু না হলে বিপর্যয়ের আশঙ্কা রয়েছে। সমস্যা হচ্ছে এই দুর্দিনেও বাম শক্তি প্রস্তুত হতে পারেনি। পুঁজিবাদের বিরুদ্ধে দাঁড়ানোর জন্য যে চেষ্টা সেটাও আমরা বামপন্থিদের মধ্যে লক্ষ্য করছি না। তারা রাষ্ট্রের চরিত্র উন্মোচন করতে পারছে না। পুঁজিবাদীরা যে শুধু নামে বা পোশাকে ভিন্ন এবং কাজে অভিন্ন- এটি জনগণের কাছে তুলে ধরতে পারছে না। মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে সামাজিক মালিকানার যে ব্যবস্থা প্রতিষ্ঠার কথা ছিল, তা হয়নি বলেই আজ রাজনীতির সংকট তীব্র। নামে ভিন্ন হলেও এ অঞ্চলে ব্রিটিশ, পাকিস্তান ও বাংলাদেশ ধারার শাসন ব্যবস্থা একই রকমের আমলাতান্ত্রিক ও পুঁজিবাদী। এই তিন রাষ্ট্র ব্যবস্থার মধ্যে মৌলিক পার্থক্য নেই। বাংলাদেশের রাষ্ট্র এখন আগের চেয়েও অধিক আমলাতান্ত্রিক। উপলব্ধি হচ্ছে, মানুষ পরিবর্তন চায়। জনগণের সমাজ বিনির্মাণ করতে হলে জনগণের শক্তিকেই সামনে আসতে হবে। যারা সমাজ নিয়ে ভাবেন, তাদের বড় অংশ এখন বুর্জোয়া গোষ্ঠীর সঙ্গে মিশে গেছে। রাষ্ট্রীয় ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় সুশীলরাও বড় ভূমিকা রাখছে। টিকে থাকার নীতি অবলম্বন করে সুশীলরাও আজ জনগণ থেকে অনেক দূরে। সুতরাং সমাজ পরিবর্তনে সুশীলরা বিশেষ ভূমিকা রাখতে পারবে এই বাস্তবতা আর নেই। এ কারণে জনগণের অধিকার প্রতিষ্ঠা করতে হলে জনগণকেই এগিয়ে আসতে হবে। জনগণের সেই শক্তির নামই বামশক্তি। সেই শক্তির বিকল্প এখন আর আমাদের রাজনীতিতে নেই। জাতীয় নির্বাচন এক ধরনের সার্বজনীন উৎসব। আমাদের দীনহীন বিবর্ণ জীবনে উৎসবের খুবই অভাব; সার্বজনীন উৎসব হিসেবে আছে, কাজে নেই। পাঁচ বছর পরপর সার্বজনীন নির্বাচনী উৎসব আসার কথা, সময়টা বেশ বড়, চার বছর হলে ভালো ছিল; কিন্তু পাঁচ বছর পরও তো সবসময় এই উৎসব আসে না।
জাতীয় নির্বাচন সবচেয়ে বড় যে সত্যটা দেখিয়ে দেবে তা হলো, বর্তমান সমাজব্যবস্থার পরিবর্তনের আবশ্যকতা। বিদ্যমান ব্যবস্থায় মানুষের অভাব, নিরাপত্তাহীনতা ও বেকারত্ব বাড়ছে, মাদকাসক্তি মানুষকে পঙ্গু করে দিচ্ছে, ধর্ষণ ও নারী নির্যাতন ঘটছে যত্রতত্র, সড়কে রীতিমতো নরহত্যা চলছে, গুম, খুন, বিচারবহির্ভূত হত্যার ওপর কোনো নিয়ন্ত্রণ নেই, জবাবদিহি এখন লজ্জায় মুখ দেখায় না, বিপর্যস্ত প্রকৃতি ও পরিবেশের নীরব ক্রন্দন কেউ শুনছে না। সর্বোপরি, পুঁজিবাদী এই ব্যবস্থা উৎপাদনের শক্তিকে শিকল দিয়ে বেঁধে রেখেছে, যে জন্য দারিদ্র্য দূর হওয়ার পথ খুঁজে পাওয়া যাচ্ছে না। বুর্জোয়ারাই তো ক্ষমতায় আসবে; কিন্তু তারা এই অবস্থার সামাল দিতে পারবে, এমন ভরসা অন্যদের তো নেই-ই, তাদের নিজেদেরও নেই। ভরসা আসলে সমাজ পরিবর্তনের রাজনীতিই। নির্বাচনে অংশগ্রহণ করে বামপন্থিরা যদি বুর্জোয়াদের রাজনীতির চেহারার উন্মোচন এবং নতুন সমাজ প্রতিষ্ঠার স্বপ্নকে সামনে নিয়ে আসতে পারেন, তবে সেটা হবে একটা জরুরি অর্জন। তাদের নিজেদের জন্য তো অবশ্যই, দেশের মানুষের জন্যও বটে।
আমেরিকার নির্বাচনে হাতি ও গাধার লড়াইতে সে দেশের মানুষের মুক্তি যে আসবে না সেটা যেমন স্পষ্ট, বাংলাদেশের রাজনীতিতেও নৌকা ও ধানের শীষের লড়াই যে মানুষকে মুক্তি দেবে না, তাতেও কোনো সন্দেহ নেই। বার্নি স্যান্ডার্স নামে একজন সাহসী ও ঘোষিতরূপেই সমাজতন্ত্রী ব্যক্তি আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী হয়েছিলেন; কিন্তু নিজের দলের অর্থাৎ ডেমোক্র্যাটদের সমর্থনও শেষ পর্যন্ত পাননি। বোঝা গেছে, সমাজতন্ত্রীদের স্বতন্ত্র দল চাই। এই বোধটা এখন সব দেশেই শক্তিশালী হচ্ছে। আমাদের এই সার্বজনীন উৎসব তো অচিরেই শেষ হবে, কয়েকদিন মাত্র বাকি; কিন্তু বাস্তবতাটা রয়ে যাবে। তার উন্মোচনও নতুন নতুনভাবে ঘটবে, ঘটতেই থাকবে। তবে আমাদের প্রত্যেককেই ঠিক করতে হবে, দক্ষিণ ও বামের চরম যুদ্ধে আমরা কে কোন পক্ষে। নিরপেক্ষতা বলে কিছু নেই। কোনোকালেই ছিল না, এখন যখন মেরুকরণ ব্যাপক ও গভীর হয়েছে তখন তো নিরপেক্ষতার কোনো সুযোগই নেই; নিরপেক্ষতা অর্থ হচ্ছে পক্ষপাতিত্বকে লুকিয়ে রাখা। নিজের সঙ্গে প্রতারণা করাটা কি বাঞ্ছনীয়? ধর্ম নিয়ে রাজনৈতিক ব্যবসাটা নতুন ঘটনা নয়, পুরনো ব্যাপার বটে। ব্রিটিশ আমলে ও পাকিস্তানি জমানাতে ওই ব্যবস্থা ভালো জমেছিল। তাতে ভীষণ ক্ষতি হয়েছে দেশের মানুষের। ধর্মকে উচ্চে তুলে ধরে মানুষের খাওয়া-পরা, বেঁচে থাকার সংকট সম্পর্কে অন্যমনস্ক করে দেওয়া হয়েছে। ওই ঐতিহ্য এখনও শেষ হয়নি। কিন্তু মুক্তিযুদ্ধকে ব্যবসায়ের পণ্য করার ব্যাপারটা তুলনায় নতুন, এটা আগে ছিল না। একাত্তরে যুদ্ধে বিজয়ের পরমুহূর্ত থেকেই ব্যবসাটা শুরু হয়ে গেছে।
এবারের নির্বাচনে ভোটাররা কী করবে? বড় দুই দলের মধ্যে এক দলকে ভোট দেবে। কোনো বিকল্প তো নেই তাদের সামনে। যারা বুদ্ধিজীবী তারা নিজ নিজ সুবিধার হিসাব কষে বলবে, এদিকে এসো কিংবা এই যে, এটাই পথ। তখন পরিস্কার হবে (অন্তত হওয়া উচিত) যে, তারা গৃহস্থের কথা ভাবছে না, ভাবছে নিজেদের কথাই। অথবা মনে করছে, তাদের যাতে সুবিধা গৃহস্থেরও তাতেই সুবিধা। সাধারণ মানুষ যে এসব উপদেশদাতা এবং তাদের রাজনৈতিক দলকে পছন্দ করে না, তাতে কোনোই সন্দেহ নেই। কিন্তু তারা কী করবে? তাদের তো কোনো দল নেই। একটা গল্প দিয়ে শেষ করা যাক। শবদেহকে নিয়ে যাওয়া হচ্ছিল কেওড়াতলার শ্মশান ঘাটে। মাঝপথে দু’দলে ঝগড়া লেগেছে। এক দল বলছে ঠিক পথেই চলেছি, অন্য দল বলছে ওটা কেওড়াতলার পথ নয়, আমতলার পথ। ভীষণ কলহ। মনে মনে মড়া বলছে, দু’দলকেই আমি চিনি। কিন্তু আমার তো কিছু বলার উপায় নেই। আমি যে মড়া। দেশের মানুষের বর্তমান অবস্থার সঙ্গে কি মিল আছে ওই অসহায়ের?
লেখক: শিক্ষাবিদ ও সমাজ বিশ্নেষক
Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension