
প্রধানমন্ত্রীর লন্ডন সফর: আ.লীগ-বিএনপির পাল্টাপাল্টি কর্মসূচি
রূপসী বাংলা ডেস্ক:প্রধানমন্ত্রী শেখ হাসিনার লন্ডন সফরকে কেন্দ্র করে পাল্টাপাল্টি কর্মসূচি পালন করছেন যুক্তরাজ্য আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীরা ।
তার সফরকে স্বাগত জানিয়ে সভা সমাবেশ করছে যুক্তরাজ্য আওয়ামী লীগ। অন্যদিকে প্রধানমন্ত্রীর এই সফরকে প্রত্যাখান এবং বেগম খালেদা জিয়ার মুক্তি, দেশে গণতন্ত্র, ও মানবাধিকার প্রতিষ্ঠার দাবিতে গত সোমবার থেকে টানা বিক্ষোভ কর্মসূচি চালিয়ে যাচ্ছে যুক্তরাজ্য বিএনপি।
২৫তম কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে গত ১৬ এপ্রিল রাতে লন্ডনে পৌঁছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ‘কুইন এলিজাবেথ কনফারেন্স সেন্টারে অবস্থান করছিলেন তখন বাইরে বিএনপির শত শত নেতাকর্মী ‘ফিরে যাও শেখ হাসিনা’ বলে স্লোগান দিচ্ছিলেন। এ সময় তাদের হাতে ছিল নানান স্লোগান সম্বলিত প্লেকার্ড, গুম ও খুন হওয়া নেতাকর্মীদের ছবি এবং ফ্রি খালেদা জিয়া লেখা ব্যানার।
অন্যদিকে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের উন্নয়ন, দেশের মর্যাদা অর্জন, শিক্ষা, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে দেশ এগিয়ে গেছে এমন প্রচারণায় ব্যস্ত আওয়ামী লীগের নেতাকর্মীরা। দেশের উন্নয়নের জন্য আবারো শেখ হাসিনার সরকার প্রয়োজন বলে জানান যুক্তরাজ্য আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এ ব্যাপারে যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদ বলেন, অবৈধভাবে ক্ষমতা গ্রহণ করায় প্রধানমন্ত্রী কমনওয়েলথ সম্মেলনে আসার অধিকার নেই। বেগম খালেদা জিয়ার মুক্তি ও গণতন্ত্র ফিরিয়ে আনতে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে শত শত মানুষ এই বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়েছেন। আমরা বিশ্ব নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করছি।
যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান শরীফ ঢাকাটাইমসকে বলেন, কমনওয়েলভুক্ত রাষ্ট্র প্রধানরা প্রশংসা করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের।
বিশ্বনেতৃবৃন্দের শেখ হাসিনার নেতৃত্বের প্রতি আস্থা রয়েছে। যারা দেশের ভাল চায় না তারাই অপপ্রচার চালাচ্ছে।
তিনি আরও জানান, আগামী ২১ এপ্রিল যুক্তরাজ্য প্রবাসীদের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে সেন্ট্রাল লন্ডনের একটি হোটেলে গণ সংবর্ধনা দেবে যুক্তরাজ্য আওয়ামী লীগ।



