
১৯ ডিসেম্বর ১৯৭১, বাংলাদেশ
জাহান আরা দোলন আজ: ১৯ ডিসেম্বর। বিজয়ের মাস ডিসেম্বর। রাতে পাকিস্তান বেতারে প্রেসিডেন্ট পদ থেকে ইয়াহিয়া খানের পদত্যাগের খবর ঘোষণা করা হয়। খবরে বলা হয়, আগামীকাল প্রতিনিধিত্বমূলক সরকার গঠনের সঙ্গে সঙ্গে প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ক্ষমতা হস্তান্তর করবেন। পাকিস্তান পিপলস্ পার্টির প্রধান জুলফিকার আলী ভুট্টো নিউ ইয়র্ক থেকে তখন দেশের পথে রয়েছেন। ভুট্টো নতুন সরকার গঠন করবেন বলে মনে করা হচ্ছে।
এদিন গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলা হানাদারমুক্ত হয়। মিত্র ও মুক্তি বাহিনীর ত্রিমুখী আক্রমণে পাকিস্তানি বাহিনীর দখলে থাকা কাশিয়ানীর ভাটিয়াপাড়া ওয়্যারলেস স্টেশন ক্যান্টনমেন্টের পতন ঘটে। দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয় ১৬ ডিসেম্বর অর্জিত হলেও কশিয়ানীর ভাটিয়াপাড়ায় স্বাধীন বাংলাদেশের লাল সবুজের পতাকা ওড়ে ১৯ ডিসেম্বর সকালে।
গোপালগঞ্জ-ফরিদপুর-নড়াইল জেলার সীমান্তে অবস্থিত এবং ভৌগোলিক ও যুদ্ধের কৌশলগত দিক থেকে গুরুত্বপূর্ণ রেল স্টেশন ও নদী বন্দর ভাটিয়াপাড়া দখল নিয়ে পাকিস্তানি হানাদার ও মুক্তিযোদ্ধাদের মধ্যে লড়াই হয় কয়েক দফা। পাকিস্তানি বাহিনীর ভাটিয়াপাড়া মিনি ক্যান্টনমেন্টটি গোপালগঞ্জ জেলার অন্তর্ভুক্ত। তবে ফরিদপুর-নড়াইল-গোপালগঞ্জ অঞ্চলের মুক্তিযোদ্ধাদের লক্ষ্যবস্তু ছিল ভাটিয়াপাড়ার ওই মিনি ক্যান্টনমেন্ট।



