
ছড়া
প্রতিবাদ
জাহান আরা দোলন
কণ্ঠ তুলি না, হালও ছাড়ি না
বলি না মুখের কথা
দেখছি শুনছি সইছি সকল
আরোপিত নীরবতা।
উত্তর দিলে জানোয়ার দল
স্বরূপ দেখাবে ত্রাসে
অত্যাচারের জান্তব রূপ
নিজস্ব সন্ত্রাসে।
চোখে ঠুলি নাই, কানে নয় কালা
মুখে তালা দেওয়া নয়
দেখে শুনে আজ ভুলে থাকি সব
ঐতিহ্যের দায়।
অতীত কেবল স্মৃতিমাখা নয়
অতীতেই ইতিহাস
অতীতেই থাকে ছড়িয়ে ছিটিয়ে
বিজয়ের উদ্ভাস।
ত্যাগ তিতিক্ষা অবদমিতের
যত ক্ষোভ আর জ্বালা
ঠিকই ফিরে আসে বিজয়ের বেশে
কণ্ঠে জড়িয়ে মালা।



