
মিয়ানমারের ওপর অবরোধের হুমকি বাইডেনের
মিয়ানমারে সেনা অভ্যুত্থান এবং দেশটির গণতন্ত্রপন্থী নেতা অং সান সু চি ও তার দলের জ্যেষ্ঠ নেতাদের গ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে দেশটির ওপর অবরোধ আরোপের হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
সোমবার (১ ফেব্রুয়ারি) বাইডেন অবরোধ আরোপের এই হুমকি দেন বলে জানায় বিবিসি।
বাইডেন বলেন, ‘গ্রহণযোগ্য একটি নির্বাচনের ফলাফল কেউ মুছে দিতে পারে না। কোনো পক্ষের জনগণের ইচ্ছার ওপর শক্তি প্রয়োগ করা উচিত নয়।’
গেল বছরের নভেম্বরের মিয়ানমারের জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ জয় পায় সু চির দল এনএলডি। তবে প্রথম থেকেই এই ফলকে মেনে নেয়নি সেনাবাহিনী।
সোমবার (১ ফেব্রুয়ারি) আইন পরিষদের নিম্নকক্ষের নির্বাচিতদের প্রথম অধিবেশন ছিল। ওই দিন ভোরেই সু চিসহ দলের শীর্ষ ৪৫ নেতাকে আটক করা হয়।
এই ঘটনার তীব্র নিন্দা জানায় জাতিসংঘ ও মানবাধিকার সংগঠনগুলো। পাশাপাশি নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ পশ্চিমা দেশগুলো।
মিয়ানমারের সেনা অভ্যুত্থানের পরই সু চিসহ অন্য নেতা-কর্মীদের ছেড়ে দেওয়ার জন্য হোয়াইট হাউস থেকে বিবৃতি দেওয়া হয়। আর এরপর প্রেসিডেন্ট জো বাইডেন নিজেই এই বিষয়ে বক্তব্য দিলেন।
মিয়ানমারের ওপর একসময় যুক্তরাষ্ট্রের নানা অবরোধ ছিল। এরপর দেশটি গণতন্ত্রের পথে যাত্রা শুরু করলে মিয়ানমারের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে যুক্তরাষ্ট্র।
জো বাইডেন জানিয়েছেন নতুন করে সেনা অভ্যুত্থানের কারণে মিয়ানমারের ওপর অবরোধগুলো আবার আরোপ করা হতে পারে। তিনি বলেন, ‘গণতন্ত্র যেখানেই আক্রান্ত হবে, যুক্তরাষ্ট্র সেখানেই তা রক্ষায় পাশে দাঁড়াবে।’❐



