
বিএনপি অব নিউ জার্সির খালেদা জিয়ার রোগমুক্তির জন্যে দোয়া
আটলান্টিক সিটি প্রতিনিধি: নিউ জার্সি রাজ্যের আটলান্টিক সিটিতে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মাহফিল আয়োজিত হয়েছে।
গত ১ ডিসেম্বর ফেয়ারমাউনট এভিনিউয়ে বাংলাদেশ কমিউনিটি সেন্টারে এ দোয়া মাহফিল আয়োজিত হয়।
বিএনপি অব নিউ জারসি স্টেট (সাউথ) এর উদ্যোগে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক গিয়াসউদদীন পাঠান। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর এপিএস আশিক ইসলাম। সংগঠনের সদস্য সচিব মো. দিদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন বিএনপি নেতা জহিরুল ইসলাম বাবুল।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশ ও জাতির জন্য অবদানের কথা চিন্তা করে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে নিঃশর্ত মুক্তি দেওয়া উচিত। তারা বলেন, খালেদা জিয়া আজ জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে। তার মানে সমগ্র জাতি আজ গণতন্ত্রের জন্য মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এ অবস্থায় আর বসে থাকার উপায় নেই, যার যার অবস্থান থেকে ঐক্যবদ্ধভাবে আন্দোলনে নামতে হবে, আন্দোলনের কোনো বিকল্প নেই।
বক্তারা খালেদা জিয়াকে অবিলম্বে বিদেশে চিকিৎসার পক্ষে জোর দাবি জানান। পরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রোগমুক্তি, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।



