
ইউক্রেনে ৬ষ্ঠ দিনের রুশ আক্রমণ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র
ইউক্রেনে মঙ্গলবার ছিল রাশিয়ার সেনাবাহিনীর আক্রমণের ৬ষ্ঠ দিন। যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা ইউক্রেনের রুশ বাহিনীর সর্বশেষ অবস্থান ও অগ্রগতি নিয়ে হালনাগাদ তথ্য (আপডেট) প্রকাশ করেছে।
মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, কিয়েভের পথে রুশ বাহিনীর অগ্রযাত্রা আপাতত থেমে আছে। সেনাবাহিনীর কিছু ইউনিটে খাদ্যসহ অন্যান্য লজিস্টিক ঘাটতি দেখা দিয়েছে।
সংবাদমাধ্যম সিএনএন মার্কিন কর্মকর্তাদের বরাতে বলেছে, কিয়েভের পথে রুশ বাহিনীর অগ্রযাতা মূলত ‘সোমবার যেখানে ছিল সেখানেই।’ যদিও ঠিক কী কারণে কিয়েভের পথে রুশ বাহিনী ‘ধীর অগ্রসর নীতি’ গ্রহণ করেছে গোয়েন্দারা তার যথাযথ কারণ জানাতে পারেননি। তবে তারা বলেছেন, নিজেদের সুবিধার জন্যই রুশ বাহিনী এটা করে থাকতে পারে।
গোয়েন্দাদের ভাষ্য, কিয়েভের পথে রুশ বাহিনীর স্থবিরতার কারণ হতে পারে— তারা নিজেদের সংগঠিত করছে, পুনর্বিবেচনা করছে এবং যে চ্যালেঞ্জ রয়েছে তাতে খাপ খাওয়ানোর চেষ্টা করছে।
গোয়েন্দা কর্মকর্তারা আরও বলেছেন, সেনাদের ক্ষেত্রে রুশ বাহিনী ঝুঁকি এড়ানোর নীতি গ্রহণের প্রমাণ রাখছে। অর্থাৎ এই মুহূর্তে তারা খুব বেশি ঝুঁকি নিচ্ছে না।
এদিকে যুক্তরাষ্ট্রের মতো যুক্তরাজ্যের গোয়েন্দারাও ইউক্রেনে রুশ বাহিনীর কর্মকাণ্ড নিয়ে তথ্য প্রকাশ করেছে। ব্রিটিশ গোয়েন্দাদের দাবি, গত ২৪ ঘণ্টায় ইউক্রেনের রাজধানী কিয়েভের পথে রুশ বাহিনী সামান্যই অগ্রসর হতে পেরেছে। লজিস্টিক সমস্যা ফলে রুশ সেনারা অগ্রসরে ব্যর্থ হয়ে উত্তর দিক থেকে গোলাবর্ষণ করছে।
গোয়েন্দা তথ্যের বরাতে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, খারকিভ এবং চেরনেহিভের আশপাশের ঘনবসতিপূর্ণ এলাকায় ভারি গোলাবর্ষণ করছে। এর ফলে বেসামরিক নাগরিকদের মৃত্যু বাড়ার ঝুঁকি তৈরি হয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় আরও জানিয়েছে, রাশিয়ার বিমানবাহিনী ইউক্রেনের আকাশে শক্ত নিয়ন্ত্রণ নিতে সক্ষম হয়নি। এ কারণে তারা ক্ষয়ক্ষতি এড়াতে রাত্রীকালীন অভিযানে জোর দিচ্ছে।
সিএনএন



