আন্তর্জাতিক

যুক্তরাজ্যে অভিবাসনপ্রত্যাশীদের জন্য নতুন বিতর্কিত আইন

ছোট ছোট নৌকায় করে সাগর পাড়ি দিয়ে হাজার হাজার অভিবাসনপ্রত্যাশীর অবৈধভাবে ব্রিটেনে আসা ঠেকাতে দেশটির সরকার এক বিতর্কিত আইন করার ঘোষণা দিয়েছে। যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী সুয়েলা ব্রাভারম্যান পার্লামেন্টের নিম্নকক্ষ কমন্স সভায় মঙ্গলবার এ আইনের বিস্তারিত তুলে ধরে বলেছেন, এই অভিবাসনপ্রত্যাশীদের আটক করা হবে। তারপর দ্রুত তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে।

প্রতিবছরই হাজার হাজার অভিবাসনপ্রত্যাশী নৌকায় করে বিপজ্জনক পথে ব্রিটেন ও ফ্রান্সের মধ্যকার ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে যুক্তরাজ্যে যায়। গত বছর ব্রিটেনে এভাবে ৪৫ হাজার অভিবাসনপ্রত্যাশী পৌঁছেছে। গত দুই বছরে এ সংখ্যা পাঁচ গুণ বেড়েছে। তাদের মধ্যে ইরাক, ইরান, আফগানিস্তান, সিরিয়া, আলবেনিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তান, ইরিত্রিয়া, সোমালিয়া, সুদানসহ নানা দেশের লোক রয়েছে।

পার্লামেন্টে ব্রাভারম্যান বলেন, এ নতুন আইনে নৌকায় করে যুক্তরাজ্যে আসা অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয় চাওয়া নিষিদ্ধ করা হবে এবং তাদেরকে নিজ নিজ দেশে অথবা রোয়ান্ডায় পাঠানোর পরই কেবল তারা ব্রিটেনে আশ্রয় পাওয়ার আবেদন করতে পারবে।

উল্লেখ্য, অভিবাসনপ্রত্যাশীদের নেওয়ার জন্য রোয়ান্ডার সঙ্গে ব্রিটেন একটি চুক্তি করেছে। তবে তা এখন আদালতে আটকে আছে।

ব্রাভারম্যান বলেন, আটক এবং বহিষ্কারের খবর পৃথিবী না জানা পর্যন্ত এভাবে লোক আসা বন্ধ হবে না। ব্রিটেনে অভিবাসনপ্রত্যাশীদের আশ্রয় দেওয়ার ব্যবস্থা এখন আর লোকের চাপ সামলাতে পারছে না বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে মানবাধিকার গোষ্ঠীগুলো বলেছে, এই আইনের কারণে হাজার হাজার প্রকৃত শরণার্থীর অপরাধী বলে পরিগণিত হওয়ার ঝুঁকি রয়েছে। ব্রাভারম্যানও স্বীকার করেছেন, এই আইনের প্রস্তাব হয়তো মানবাধিকার আইন ভঙ্গ করতে পারে।

বিরোধী দল লেবার পার্টি এই নতুন বিলকে একটি প্রতারণা হিসেবে আখ্যায়িত করেছে। লেবার পার্টি ক্ষমতাসীন কনজারভেটিভদের বিরুদ্ধে অভিযোগ এনেছে যে তারা এই সমস্যাটি যথাযথভাবে মোকাবেলা করতে পারছে না।

সূত্র : বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension