
বিক্ষোভের কারণে রাজা চার্লসের ফ্রান্স সফর স্থগিত
রাজা তৃতীয় চার্লসের পরিকল্পিত ফ্রান্স সফর স্থগিত করা হয়েছে। পেনশন সংস্কার নিয়ে ফ্রান্সে চলমান বিক্ষোভের কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী রবিবার থেকে সফরটি শুরু হওয়ার কথা ছিল। ফ্রান্সের প্রেসিডেন্টের কার্যালয় এক ঘোষণা দিয়ে এ তথ্য জানিয়েছে।
প্রেসিডেন্সির বিবৃতিতে বলা হয়েছে, ২৮ মার্চ মঙ্গলবার দেশজুড়ে পেনশন সংস্কারের বিরুদ্ধে প্রতিবাদের আরেকটি ঘোষণার প্রেক্ষিতে রাজা তৃতীয় চার্লসের সফর স্থগিত করা হয়েছে। প্রাথমিকভাবে ২৬-২৮ মার্চ ওই সফর নির্ধারিত ছিল।
রবিবার সন্ধ্যায় রানি কনসোর্ট ক্যামিলার সঙ্গে রাজা তৃতীয় চার্লসের ফ্রান্সে পৌঁছানোর কথা ছিল। সোমবার প্যারিসে এক দিন কাটিয়ে মঙ্গলবার দক্ষিণ-পশ্চিমে বোর্দো ভ্রমণে যেতেন তিনি।
গত সেপ্টেম্বরে সিংহাসনে আরোহণের পর ফ্রান্স সফরটি সার্বভৌম হিসেবে রাজা তৃতীয় চার্লসের প্রথম বিদেশ সফর হওয়ার কথা ছিল। ফ্রান্সের পর তিনি বুধবার জার্মানি যাওয়ার কথা ছিল।
ফ্রান্সের প্রেসিডেন্সি জানিয়েছে, শুক্রবার সকালে প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ এবং রাজার মধ্যে একটি ফোনালাপের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই রাষ্ট্রীয় সফর যত তাড়াতাড়ি সম্ভব পুনর্গঠিত হবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
সূত্র : এএফপি



