
আজ তোমার নামে একটা কবিতা লিখব;
প্রেম-পুরাণে সাজানো রুপকথার কাব্য,
অনেক দিনের সাধ—
আমার অস্তিত্বে তোমায় ধারণ করে
নতুন একটা কবিতা লিখি!
সে কবিতায়—
প্রচণ্ড আবেগী আবদার থাকবে,
আনন্দ থাকবে, আশার চাষ হবে সেথায়,
স্বপ্ন থাকবে, থাকবে হাসির মূর্ছনাও।
আমার কাব্যে যোগ হবে
প্রণয় উপখ্যানের অনেক প্রেমময়ী শব্দ।
কবিতা পাঠে—
মুগ্ধ যুগলের মাঝে ‘ভালোবাসা’ নামক
অপ্রতিরোধ্য এক ভাইরাস ছড়াবে
লাভেরিয়ায় আক্রান্ত হবে ধরনী
প্রেম প্রণয়ে বাঁধা পড়বে প্রত্যেক প্রেমিক হৃদয়।
চিরাচরিত স্বার্থপর এ সমাজে
একটা প্রেম প্রেম অনুরণন সৃষ্টি হবে,
সমাজ হবে প্রেমময়— শান্তিময় !
জাতীয়, আন্তর্জাতিক পত্রিকাগুলোর
শিরোনাম হবে ভালোবাসার পদ্যটি
লোকসভায় সম্পূরক প্রশ্ন তৈরি হবে
জাতীয় এ প্রেমরোগের ওপর,
বক্তৃতা, সভা-সেমিনার কিংবা জরুরি সভায়
সকলে ভালোবাসার বুলি আওড়াবে,
মিছিলের স্লোগানে থাকবে ভালোবাসার দাবি।
জাতিসংঘ, এনজিও বা সাহায্য সংস্থাগুলো
অফুরন্ত কর্মহীন প্রহর কাটাবে
প্রীতিময় এক নতুন বিশ্বের আবির্ভাবে!
দলে দলে বিশারদ আসবেন
আমার প্রণয় কাব্য বিশ্লেষণ করতে,
অন্তর্নিহিত প্রেম- প্রীতি-ভালোবাসা নিয়ে
গবেষণা চলবে বিশ্বময়!
অবাক বিস্ময়ে বিশ্ব দেখবে
ভালোবাসার অপরাজেয় শক্তি,
দিকে দিকে ছড়িয়ে পড়বে
তোমার নামে আমার কবিতাটি।
অতঃপর সার্থকতা পাবে আমার চয়নিকা,
আমাদের প্রেম অমর হবে
যেখানেই টানি এ কাব্য যবনিকা।




