
এম সোলায়মান জয়
গভীর বিষাদ ভেঙে অবসাদ
অন্তরে জ্বালে আগুন
ডালে কৃষ্ণচূড়া কপাল পোড়া
অরণ্যে নেই ফাগুন।
বেড়েছে হতাশ মনে হাহুতাশ
নীলিমায় জমেছে মেঘ
জেগেছে ব্যথা অবান্তর কথা
ক্রন্দিত স্মৃতির বেগ।
আদরিণী যে প্রেম নিয়ে সে
ছায়াহীন কাছে রয়
আঁধারের মতো আকাঙ্ক্ষা যত
বাড়িয়ে তুলেছে ভয়।
অনুভূতি মরে হারানোর জ্বরে
অন্তর বন্দি ঘরে
চাওয়া পাওয়া সব নেই কলরব
প্রতিদিন কাটে ডরে।



