
দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে জাতিসংঘে সমর্থন জানালেন ইসরাইলের প্রধানমন্ত্রী
কয়েক দশক ধরে চলা ইসরাইল-ফিলিস্তিন সংঘাত অবসানে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে জাতিসংঘে সমর্থন জানিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ।
বৃহস্পতিবার জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৭তম অধিবেশনে দেওয়া ভাষণে তিনি এ কথা বলেন। খবর রয়টার্সের।
পাশাপাশি ইরানের পারমাণবিক বোমা নির্মাণ বন্ধ করতে ‘যা কিছু করা দরকার’ ইসরাইল তার সব কিছু করবে বলে ফের জানান তিনি।
বেশ কয়েক বছরের মধ্যে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এই প্রথম কোনো ইসরাইলি নেতা ফিলিস্তিন প্রশ্নে দ্বিরাষ্ট্র সমাধানের কথা উল্লেখ করলেন।
আগস্টে ইসরাইলে গিয়ে দীর্ঘ দিন সুপ্ত থাকা প্রস্তাবটির পক্ষে সমর্থন জানিয়েছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন।
লাপিদ বলেন, দুই রাষ্ট্রের ভিত্তিতে ফিলিস্তিনিদের সঙ্গে একটি চুক্তি ইসরাইলের নিরাপত্তার, অর্থনীতি ও আমাদের সন্তানদের ভবিষ্যতের জন্য সঠিক হবে।
এ ধরনের চুক্তি ইসরাইলের জন্য হুমকি হবে না এমন শান্তিপূর্ণ ফিলিস্তিন রাষ্ট্রের শর্তে হতে হবে বলে উল্লেখ করেন তিনি।
আগামী ১ নভেম্বর ইসরাইলে সাধারণ নির্বাচন। তার দেড় মাসেরও কম সময়ের মধ্যে লাপিদ ফিলিস্তিন প্রশ্নে দ্বিরাষ্ট্র সমাধানের পক্ষে কথা বললেন।
আসন্ন নির্বাচনের মধ্য দিয়ে দ্বিরাষ্ট্র সমাধানের ঘোরবিরোধী ডানপন্থি সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ফের ক্ষমতায় চলে আসতে পারেন।
ফিলিস্তিনিরা যেসব এলাকা নিয়ে স্বাধীন রাষ্ট্র গড়তে চান, সেই পূর্ব জেরুজালেম, পশ্চিমতীর ও গাজা ইসরাইল ১৯৬৭ সালের আরব-ইসরাইল যুদ্ধে দখল করে নেয়। যুক্তরাষ্ট্রের সমর্থনে ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে চলা শান্তি আলোচনা ২০১৪ সালে গতি হারায়।



