আন্তর্জাতিক

বাতিল হয়ে গেল আফগান পররাষ্ট্রমন্ত্রী মুত্তাকির প্রথম ভারত সফর

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের নিষেধাজ্ঞার কারণে আফগানিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির ভারত সফর বাতিল করা হয়েছে। বিষয়টি সম্পর্কে অবগত কর্মকর্তাদের বরাতে ইন্ডিয়ান এক্সপ্রেস এ খবর জানিয়েছে।

প্রতিবেদন অনুসারে, গত ১৫ মে মুত্তাকির সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর ফোনে কথা বলেন। তালেবান ক্ষমতায় আসার পর থেকে এটি ছিল নয়াদিল্লি এবং কাবুলের মধ্যে সর্বোচ্চ স্তরের যোগাযোগ।

এরপর মূলত এই সফরটি চলতি মাসে হওয়ার কথা ছিল। সফরটি যদি হতো, তাহলে ২০২১ সালের আগস্টে তালেবান ক্ষমতায় আসার পর এটিই হতো কাবুল থেকে প্রথম মন্ত্রী পর্যায়ের নয়াদিল্লি সফর।

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়ালকে সাপ্তাহিক ব্রিফিংয়ে আফগান মন্ত্রীর সফর বাতিল নিয়ে জিজ্ঞাসা করা হলে, তিনি সরাসরি কোনো জবাব দেননি।

তবে তিনি বলেন, ‘আপনারা জানেন যে, আফগানিস্তানের জনগণের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। ভারত আফগান জনগণের আকাঙ্ক্ষা এবং উন্নয়নমূলক চাহিদাগুলোকে সমর্থন করে চলেছে। আফগান কর্তৃপক্ষের সঙ্গে আমাদের যোগাযোগ অব্যাহত রয়েছে। যদি এই বিষয়ে কোনো আপডেট থাকে, তাহলে আমরা শেয়ার করব।’

ভারত এখনো তালেবানদের স্বীকৃতি দেয়নি। যদিও কাবুলে সত্যিকার অর্থে একটি অন্তর্ভুক্তিমূলক সরকার গঠনের জন্য জোর প্রচেষ্টা চালিয়ে আসছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension