আন্তর্জাতিকপ্রধান খবর

বিদেশি মিডিয়ায় টিউলিপের রায়ের খবর

বাংলাদেশে ক্ষমতার অপব্যবহার করে প্লট বরাদ্দে দুর্নীতির চাঞ্চল্যকর মামলায় দণ্ডপ্রাপ্ত হয়েছেন বৃটেনের লেবার পার্টির প্রভাবশালী এমপি টিউলিপ সিদ্দিকী। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাগ্নি ও শেখ রেহানার কন্যা টিউলিপকে আদালত দুই বছরের কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানা করেছেন। একই মামলায় তার খালা শেখ হাসিনাকে ৫ বছর ও মা শেখ রেহানাকে ৭ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। আর এই খবর বাংলাদেশ ছাপিয়ে গোটা বিশ্বেই আলোচিত হয়েছে। বিশেষ করে বৃটেনের প্রায় সবক’টি মিডিয়াই টিউলিপের রায় বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে।

টিউলিপ সমালোচনার মুখে গত জানুয়ারিতে বৃটেনের সিটি মিনিস্টার পদ ছাড়তে বাধ্য হন। তার বিরুদ্ধে আওয়ামী লীগ নেতার কাছ থেকে আর্থিক সুবিধা নেয়ার অভিযোগ রয়েছে। সোমবার ক্ষমতার অপব্যবহার করে রাজধানী ঢাকার পূর্বাচল প্রকল্পে শেখ রেহানার ১০ কাঠা সরকারি প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে দায়ের করা মামলার রায় ঘোষণা করা হয়েছে। দুর্নীতি দমন কমিশনের করা মামলাটিতে মানবতাবিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে পাঁচ বছর, তার বোন শেখ রেহানাকে সাত বছর ও তার মেয়ে টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। একইসঙ্গে তাদের প্রত্যেককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। এই রায়ের খবর বেশ গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিদেশি তথা বৃটেনের মিডিয়া। দ্য গার্ডিয়ান টিউলিপকে নিয়ে দু’টি প্রতিবেদন করেছে। তাদের প্রথম প্রতিবেদনে বলা হয়েছে, বৃটেনের এমপি টিউলিপ সিদ্দিককে তার অনুপস্থিতিতে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন বাংলাদেশের আদালত। ভিন্ন আরেক প্রতিবেদনে সংবাদমাধ্যমটি বলেছে, বৃটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের অনুপস্থিতিতে বাংলাদেশে বিচারের পেছনে কারণ কী ছিল?। বিবিসি’র শিরোনাম- অনুপস্থিতিতে টিউলিপের বিচার, কারাদণ্ড দিয়েছে আদালত। খবরে বলা হয়েছে, দুর্নীতির অভিযোগে বাংলাদেশে অনুপস্থিতিতে বিচার প্রক্রিয়ার পর বৃটেনের লেবার পার্টির এমপি এবং সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকীকে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। প্লট বরাদ্দে প্রভাব খাটানোর অভিযোগে আরও ১৬ জনের সঙ্গে তিনি এই মামলায় দণ্ডপ্রাপ্ত হন।

এলবিসি লিখেছে, লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে দুর্নীতির বিচারে দুই বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মেট্রোর শিরোনাম: লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে দুর্নীতির অভিযোগে কারাদণ্ড। আইটিভি শিরোনাম করেছে, লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে দুর্নীতির বিচারের পর কারাদণ্ড। দ্য সান লিখেছে, খালার মৃত্যুদণ্ডের কয়েক সপ্তাহ পর লেবার পার্টির এমপি ও সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিককে দুর্নীতির অভিযোগে তার অনুপস্থিতিতে কারাদণ্ড। বৃটিশ ট্যাবলয়েড পত্রিকা ডেইলি স্টার লিখেছে: লেবার পার্টির এমপিকে বড় দুর্নীতি কেলেঙ্কারির পর দুই বছরের কারাদণ্ড।

ফিন্যান্সিয়াল টাইমস শিরোনাম করেছে, বাংলাদেশে বৃটেনের সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের দুই বছরের জেল। স্কাই নিউজ লিখেছে, লেবার এমপি টিউলিপকে দুর্নীতির মামলায় বাংলাদেশে দুই বছরের কারাদণ্ড। দ্য টেলিগ্রাফ লিখেছে, বাংলাদেশে দুর্নীতির অভিযোগে টিউলিপ সিদ্দিককে দুই বছরের কারাদণ্ড। লন্ডনের আরেক প্রভাবশালী সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্ট লিখেছে, লেবার পার্টির এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে দুর্নীতির অভিযোগে দুই বছরের কারাদণ্ড। মাই লন্ডন লিখেছে, লন্ডনের এমপি টিউলিপ সিদ্দিককে বাংলাদেশে তার অনুপস্থিতিতে বিচারের পর কারাদণ্ড।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension