প্রবাস

ব্যাংকের নিরাপত্তাকর্মী সেজে ২৫ হাজার ডলার প্রতারণা: নিউ জার্সিতে গ্রেপ্তার দুই বাংলাদেশি

শাহ্ জে. চৌধুরী | নিউইয়র্ক

ব্যাংকের নিরাপত্তা কর্মকর্তা পরিচয়ে এক নারীর কাছ থেকে ২৫ হাজার ডলার প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেওয়ার অভিযোগে নিউ জার্সিতে দুই বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে রিভারসাইড টাউনশিপ পুলিশ। অভিযুক্তরা প্রযুক্তিনির্ভর প্রতারণার (Tech Support Scam) মাধ্যমে ভুক্তভোগীকে ভয় দেখিয়ে নগদ অর্থ তুলে নির্দিষ্ট স্থানে রেখে যেতে বাধ্য করেছিলেন বলে অভিযোগ করেছে পুলিশ।

গ্রেপ্তার হওয়া দুজন হলেন এমডি এন. ইসলাম (৪৮) এবং মোহাম্মদ জেড. ইসলাম (৫৮)। তাদের বিরুদ্ধে থার্ড-ডিগ্রি থেফট বাই ডিসেপশন (Third-Degree Theft by Deception)-এর অভিযোগ আনা হয়েছে। আদালতে হাজিরার সমনের শর্তে তাদের মুক্তি দেওয়া হয়েছে।

রিভারসাইড টাউনশিপ পুলিশের তথ্য অনুযায়ী, ঘটনাটি শুরু হয় ভুক্তভোগী নারীর কম্পিউটারে একটি ভুয়া নিরাপত্তা সতর্কবার্তা (পপ-আপ) প্রদর্শনের মাধ্যমে। সেখানে দাবি করা হয়, তার কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়েছে এবং সহায়তার জন্য একটি নির্দিষ্ট নম্বরে যোগাযোগ করতে বলা হয়।

ফোন করলে অপর প্রান্তের ব্যক্তি নিজেকে ওয়েলস ফার্গো ব্যাংকের নিরাপত্তা বিভাগের কর্মকর্তা হিসেবে পরিচয় দেন। এরপর তিনি ভুক্তভোগীকে বিশ্বাস করান যে তার কম্পিউটার থেকে ব্যাংকের নেটওয়ার্ক ঝুঁকির মুখে পড়েছে এবং বিষয়টি এফবিআই পর্যন্ত গড়াতে পারে। কথিত সেই সংকট মোকাবিলার অজুহাতে তাকে ব্যাংক থেকে ২৫ হাজার ডলার নগদ তুলে বাড়ির বাইরে একটি নির্দিষ্ট স্থানে রেখে যেতে নির্দেশ দেওয়া হয়, যাতে ব্যাংকের নিরাপত্তাকর্মীরা এসে অর্থ সংগ্রহ করতে পারেন।

ভুক্তভোগী নির্দেশনা অনুযায়ী অর্থ রেখে দিলে কিছুক্ষণের মধ্যেই এক ব্যক্তি এসে পুরো টাকাটি নিয়ে চলে যায়।

কিন্তু এখানেই শেষ হয়নি প্রতারণা। পরে একই চক্র আবার যোগাযোগ করে আরও ৩০ হাজার ডলার দাবি করলে ভুক্তভোগীর সন্দেহ হয়। তিনি সঙ্গে সঙ্গে রিভারসাইড টাউনশিপ পুলিশকে বিষয়টি জানান।

এরপর পুলিশ ও গোয়েন্দারা ভুক্তভোগীর সহযোগিতায় অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ অব্যাহত রেখে আরও অর্থ দেওয়ার নামে একটি পরিকল্পিত অভিযান পরিচালনা করেন। নির্ধারিত সময়ে অর্থ নিতে এলে ঘটনাস্থল থেকেই দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া এমডি এন. ইসলাম নিউ জার্সির এগ হারবার টাউনশিপ এবং মোহাম্মদ জেড. ইসলাম ওয়েস্টভিল এলাকার বাসিন্দা।

এদিকে বাংলাদেশি কমিউনিটির একাধিক সূত্র দাবি করেছে, মোহাম্মদ জেড. ইসলামের বাড়ি চট্টগ্রামের মিরসরাই উপজেলায় এবং এমডি এন. ইসলামের বাড়ি নড়াইল জেলায়। তবে এই তথ্য রিভারসাইড টাউনশিপ পুলিশ বা মার্কিন মূলধারার কোনো সংবাদমাধ্যম নিশ্চিত করেনি। ফলে স্বাধীনভাবে এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, সাম্প্রতিক সময়ে যুক্তরাষ্ট্রজুড়ে ব্যাংক কর্মকর্তা, প্রযুক্তি সহায়তা কর্মী কিংবা সরকারি সংস্থার প্রতিনিধি পরিচয়ে সাধারণ মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেওয়ার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর ভাষ্য, কোনো ব্যাংক বা সরকারি সংস্থা কখনোই গ্রাহককে ফোন করে নগদ অর্থ তুলে নির্দিষ্ট স্থানে রেখে যেতে বলে না। এ ধরনের নির্দেশনা পাওয়া মাত্রই সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের অফিসিয়াল নম্বরে যোগাযোগ এবং স্থানীয় পুলিশকে অবহিত করার পরামর্শ দেওয়া হয়েছে।

রিভারসাইড টাউনশিপ পুলিশ জানিয়েছে, এ ঘটনার তদন্ত এখনও চলমান। একই ধরনের প্রতারণার শিকার হয়ে থাকলে বা এ মামলার বিষয়ে কোনো তথ্য জানা থাকলে গোয়েন্দা শাখার সঙ্গে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে মামলায় আরও অভিযোগ বা নতুন তথ্য যুক্ত হতে পারে বলেও জানিয়েছে পুলিশ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension