যুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে হামের প্রকোপ, পেনসিলভেনিয়ায় চতুর্থ মৃত্যুর খবর

যুক্তরাষ্ট্রের পেনসিলভেনিয়ায় হামের সংক্রমণ ও এর জটিলতায় চতুর্থ মৃত্যুর খবর জানিয়েছে কর্তৃপক্ষ। রাজ্যটিতে চলতি বছর এরই মধ্যে ৬০০-এর বেশি মানুষের শরীরে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের বড় একটি অংশ ল্যাঙ্কাস্টার কাউন্টির বাসিন্দা।

পেনসিলভেনিয়ার মিফ্লিন কাউন্টি করোনার অফিস জানিয়েছে, ১৮ বছর বয়সি এক তরুণ হামের বিরল ও গুরুতর স্নায়বিক জটিলতা ‘অ্যাকিউট এনসেফালোমাইলাইটিস’-এ আক্রান্ত হয়ে মারা গেছেন।

টিকাদানের মাধ্যমে যুক্তরাষ্ট্র ২০০০ সালে হাম নির্মূলের ঘোষণা দিয়েছিল। তবে চলতি বছর দেশটিতে ১৯৯০-এর দশকের পর হামজনিত মৃত্যুর সংখ্যা সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত বছর টেক্সাসে হামের প্রাদুর্ভাবে তিনজনের মৃত্যু হয়েছিল, যাদের মধ্যে দুজন ছিল শিশু। ওই প্রাদুর্ভাব মূলত মেনোনাইট সম্প্রদায়ের মধ্যে ছড়িয়ে পড়েছিল।

মৃত্যুর কারণ নিয়ে বিতর্ক

পেনসিলভেনিয়ায় সাম্প্রতিক মৃত্যুর ঘটনাগুলোকে কেন্দ্র করে রাজ্যের গভর্নর জশ শাপিরো এবং স্বাস্থ্য সচিব রবার্ট এফ. কেনেডি জুনিয়রের মধ্যে মতবিরোধ প্রকাশ্যে এসেছে।

ডেমোক্রেটিক গভর্নর শাপিরো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে লিখেছেন, ২০০০ সালে যুক্তরাষ্ট্রে হাম নির্মূল ঘোষণা করা হলেও কয়েক দশক পর কম টিকাদানের হারের কারণে রোগটির পুনরুত্থান দেখা যাচ্ছে।

শাপিরো কেনেডির বিরুদ্ধে টিকা নিয়ে ভুল তথ্য ছড়ানোর অভিযোগ তুলেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, মৃতদের পরিবারের গোপনীয়তা ও সুরক্ষার বিষয়টি বিবেচনায় নিয়ে শীর্ষ স্বাস্থ্য কর্মকর্তার কাছে মৃত্যুর কিছু তথ্য গোপন রাখবেন।

অন্যদিকে, কেনেডি প্রশ্ন তুলেছেন, এর আগে মারা যাওয়া দুই শিশুর মৃত্যুর প্রকৃত কারণ হাম ছিল কি না।

শনিবার পেনসিলভেনিয়ার জেফারসন কাউন্টিতে ৪০ বছর বয়সি এক নারীর মৃত্যু হয়। ময়নাতদন্তকারী জানিয়েছেন, হামের কারণে সৃষ্ট শ্বাসপ্রশ্বাসজনিত জটিলতার ফলে তার মৃত্যু হয়েছে।

এ ছাড়া ল্যাঙ্কাস্টার কাউন্টির করোনার স্টিভেন ডায়ামান্টোনি জানিয়েছেন, গত ১৮ আগস্ট হামে আক্রান্ত ছয় সপ্তাহ বয়সি একটি শিশুর মৃত্যু হয়। শিশুটি ‘অ্যামিশ লেথাল মাইক্রোসেফালি’ নামের একটি বিরল জিনগত রোগ নিয়ে জন্মেছিল।

আরেক হামে আক্রান্ত শিশু ১৪ আগস্ট জন্মের পরপরই মারা যায়। প্রাথমিকভাবে মৃত্যুর কারণ হিসেবে প্লীহা ফেটে যাওয়া বা ক্ষতিগ্রস্ত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছিল। স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, হামের সংক্রমণে প্লীহা বড় হয়ে যাওয়ায় সেটি ফেটে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। পরবর্তী তদন্তে ওই শিশুর মৃত্যুর সঙ্গে হামের সংক্রমণের সম্পর্ক পাওয়া গেছে বলে জানানো হয়।

পেনসিলভেনিয়া স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, সর্বশেষ দুটি মৃত্যুর সঙ্গে হামের সরাসরি সম্পর্ক ছিল কি না, তা নিশ্চিত করতে করোনার কার্যালয়গুলোর সঙ্গে বিস্তারিত তদন্ত করা হয়েছে। এই তদন্তের আওতায় হামের সংক্রমণের ক্লিনিক্যাল প্রমাণ, ল্যাবরেটরি পরীক্ষায় ইতিবাচক ফল এবং অন্য কোনো কারণে মৃত্যু ঘটেছিল কি না—এসব বিষয় যাচাই করা হয়েছে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ।

এর আগে রাজ্যে প্রথম দুটি মৃত্যুর পর সামাজিক যোগাযোগমাধ্যমে শাপিরোর বিরুদ্ধে ‘রাজনৈতিক ভণ্ডামির’ অভিযোগ করেছিলেন কেনেডি। তার বক্তব্য, পর্যালোচনা শেষ হওয়ার পরই যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র (সিডিসি) মৃত্যুর সংখ্যা সংক্রান্ত তথ্য হালনাগাদ করবে।

হারাতে পারে হাম নির্মূলের মর্যাদা

যুক্তরাষ্ট্র এখন হাম নির্মূলের স্বীকৃতি ধরে রাখতে পারবে কি না, সেটিও নতুন করে প্রশ্নের মুখে। এ বিষয়ে আগামী নভেম্বরে একটি প্যানেল সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে। কানাডা গত বছরই হাম নির্মূলের মর্যাদা হারিয়েছে।

জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ কেনেডির বক্তব্য এ বংযুক্তরাষ্ট্রের টিকানীতিতে পরিবর্তনের সমালোচনা করেছেন। তাদের মতে, এসব পদক্ষেপ হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করতে পারে।

টিকা নিয়ে দীর্ঘদিন ধরে সংশয় প্রকাশ করা কেনেডি সম্প্রতি এমএমআর টিকা নিয়ে মিশ্র বার্তা দিয়েছেন। তবে এই টিকাটি হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধে নিরাপদ ও কার্যকর বলে প্রমাণিত।

স্বাস্থ্য সচিব অবশ্য হামের বাড়তে থাকা সংক্রমণকে শুধু যুক্তরাষ্ট্রের নয়, বৈশ্বিক সমস্যা হিসেবে উল্লেখ করেছেন। গত মাসে সিনেট কমিটির সামনে তিনি বলেন, অনেক দেশ ইতোমধ্যে হাম নির্মূলের মর্যাদা হারিয়েছে এবং বিশ্ব বর্তমানে হামের সবচেয়ে খারাপ সময়গুলোর একটি পার করছে।

তথ্যসূত্র: বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension