কবিতাসাহিত্য

অতঃপর বিজয়

শাহানাজ শিউলী

আমি গর্ভবতী ছিলাম নয়টি মাস—
প্রসব করেছিলাম স্বাধীনতা,
উশৃঙ্খল হায়েনার বিষাক্ত হুল আমাকে করাতে চেয়েছিল গর্ভপাত।
অসহ্য যন্ত্রণার প্রতিটি প্রহর ছিল ভয়ার্ত, বিভৎস,
দাঁত ও নখের আঁচড়ে ক্ষতবিক্ষত ছিল আমার মা-বোনের শরীর,
বুলেটে ঝাঁঝরা করা আমার বাবা, ভাইয়ের অসাড় দেহ
আর রক্তাক্ত পতাকা নিয়ে উদরপূর্তি করছিল দানবেরা।

বধ্যভূমি থেকে ভেসে আসছিল লাশ পচা গন্ধ,
আমার পোড়া ধানক্ষেত, গোয়াল ভরা গরুর দগ্ধদৃশ্য
এসব দেখেও কোনো কিছুতে ছিলাম না ভীত।
আমি ছিলাম অপেক্ষমান,
আমি জানতাম আমার জঠর থেকে আসবে একটি তেজোদীপ্ত সূর্য।

সময়ের ব্যবধানে আমার অপেক্ষার অবসান হলো,
অবশেষে হাজার ডিগ্রি কষ্টের তাপমাত্রায় প্রসব করেছিলাম
অগ্নিস্ফুলিঙ্গ নির্ভীক স্বাধীনতা।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension