
শ্যামল বণিক অঞ্জন
এই ধুলোমাখা নির্জন মেঠোপথ ধরেই একদিন
চলে যাব অন্তর্ধানে—
ফিরবো না আর কস্মিনকালেও তোমাদের অভিজাত রঙ্গশালায়।
চাকচিক্যময় আলো রোশনাই হাসি আনন্দ হৈ-হুল্লোড়ে—
আর কখনোই থাকবে না বিবর্ণ ম্যাড়ম্যাড়ে নিস্প্রভ উপস্থিতি।
মানুষের জীবনটা বড্ড বৈচিত্রময়—
ক্ষণে ক্ষণে রঙ বদলায় শত সহস্রবার।
তোমার আমার মতো—
ভাঙা-গড়ার খেলায় কেউ জয়ী, কেউবা পরাজিত,
তবুও থেমে থাকে না জীবন শেষ নিঃশ্বাস পর্যন্ত,
চলতে হয় ইচ্ছায় অথবা অনিচ্ছায়।
তেমনি করে চলতে চলতে আজ আমি বড্ড ক্লান্ত পরিশ্রান্ত এক পথিক,
তারপরেও চলতে হবে শেষ গন্তব্যে পৌঁছাবার জন্য।
কোনো একদিন চির নিদ্রায় শায়িত হবো আমি—
ছায়া সুনিবিড় শান্তির ওই নীড়ে হিজল গাছের তলে।



