
কবি, নাট্যকার ও অনুবাদক বদরুজ্জামান আলমগীরকে নিয়ে একটি সংকলন প্রকাশিত হয়েছে। সংকলনটি প্রকাশ করেছে জলধি প্রকাশনী। লালন নূর সম্পাদিত ৫১৭ পৃষ্ঠার এ সংকলনটিতে দেশ ও প্রবাসের ৫৪জন লেখকের রচনা স্থান পেয়েছে।
প্রকাশনা অনুষ্ঠান আয়োজন করা হয় নিউ ইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরির মিলনায়তনে।
গত শনিবার (২ ডিসেম্বর) নিউ ইয়র্কের কুইন্স পাবলিক লাইব্রেরির মিলনায়তনে ‘বদরুজ্জামান আলমগীর: বৃক্ষ একটি মনোহর’ শিরোনামের গ্রন্থটির প্রকাশনা উদযাপন করা হয়। প্রকাশনা অনুষ্ঠানে নিউ ইয়র্কের শিল্পী, কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আয়োজক কুইন্স পাবলিক লাইব্রেরির প্রোগ্রামিং অ্যান্ড আউটরিচ সিনিয়র লাইব্রেরিয়ান সেলিনা শারমিন স্বাগত বক্তব্যে বলেন, বাংলাভাষা চর্চায় লাইব্রেরির ধারাবাহিক কার্যক্রমে একজন ভিন্নমাত্রার লেখককে নিয়ে দেশ ও প্রবাসের কবি সাহিত্যিক, শিক্ষক, রাজনীতিবিদ, নাট্যব্যক্তিত্ব, সংগীত শিল্পী, চলচ্চিত্রকার, সাংস্কৃতিজন ও সতীর্থদের লেখাসমৃদ্ধ বাংলা ভাষার এক অনন্য নজির।
গ্রন্থ উদযাপনের মূল উদ্যোক্তা ও সঞ্চালক কথাসাহিত্যিক রাজিয়া নাজমী ভূমিকা বক্তব্যে আলমগীরের কিশোর বয়সে নাটকে হাতেখড়ি, রূপকাশ্রয়ী কবিতায় বৈপ্লবিক চিন্তা-চেতনার প্রকাশে ফুটে ওঠে উজান-ভাটির কাদামাটির সংমিশ্রণে লোকজ্ঞানের বিন্যাস তুলে ধরেন।
বদরুজ্জামান আলমগীরের লেখা কবিতা, অনুবাদিত কবিতা, প্যারাবল, আত্মজৈবনিক কবিতাগদ্য থেকে উপস্থাপনা পর্বে আবৃত্তি ও পাঠ করেন আমেরিকাবাসী আবৃত্তিশিল্পী নজরুল কবীর, ক্রিস্টিনা রোজারিও, রিপা নূর, গোপন সাহা, এলমা রুদমিলা, আনোয়ারুল লাভলু, সাবিনা শারমিন নীরু, ন্যাশ নাসরিন ও ক্লারা রোজারিও।
গ্রন্থ উদযাপনের দ্বিতীয় পর্ব সাপ্তাহিক বাঙালী সম্পাদক কৌশিক আহমেদ বদরুজ্জামান আলমগীরের সাথে আলাপচারিতায় অংশ নেন ‘বদরুজ্জামান আলমগীর : বৃক্ষ একটি মনোহর’ সংকলন গ্রন্থের সম্পাদক লালন নূর।
লালন নূর বলেন, বদরুজ্জামান আলমগীর একজন শক্তিমান কবি ও নাট্যকার; তাঁর দর্শন, ডেসপারেটনেস ও মূলবাংলার ভাব, সর্বোপরি পাঠকের মূল্যায়ন নিয়ে একটি মালা গাঁথার প্রয়াস এই সংকলন।



