
তাহমিদ হাসান
যখন নামলো সন্ধ্যা আমি দূর বনে
চারিদিকে নিসর্গের নিখাদ নিঃশ্বাস
মাথার উপরে আকাশ এঁকেছে মুগ্ধ আলপনা
পায়ের তলায় ঝরা পাতা করে যেন সবিনয় সাবধান।
শর্বরী নীরবে আসে নিঃসঙ্গ নারীর মতো ধীরে
নদীর কান্নার সুর শুনি অবিরাম
ডানা ঝাপটায় ক্লান্ত পাখি
বলে গেলো সন্ধ্যাতারা—হে পথিক, হারিয়েছো পথ।
কোথাও যাবো না আমি আজ এই রাতে
চলে যাও তোমরা সবাই
চলে গেছে দিন আমায় না বলে কিছু
আঁকা বাঁকা পথ মিশে গেছে অশালীন অন্ধকারে
কোথাও যাবো না আমি আজ।
আমি যেন এক কল্পিত কৃষ্ণগহ্বর
আদিগন্ত ঘুরছে পৃথিবী আমাকে কেন্দ্র করে
হে অরণ্য, হে নৈঃশব্দ, প্রদক্ষিণ করো তোমরা আমায়
তারপর যদি ইচ্ছে হয় চলে যাবো
পথ চেনা আছে ঢের প্রিয়তমা রমণীর শরীরের মতো।



