
টিটো মোস্তাফিজ
ভালোবাসা মন্ত্রক ব্যস্ত এখন সংখ্যার খেলায়,
কতটা প্রেম দিয়ে গড়া হলো কত বোমারু!
আর মোতায়েন করা হলো কত ক্ষেপণাস্ত্র?
শান্তিতে বাঁচতে হলে মূল্য পরিশোধ করা লাগে।
ধ্বংস করতে হয় উপমানব পতঙ্গের বসতিস্থল।
কিভাবে যেন তারা আত্মবোধ অর্জন করছে
যা পবিত্র গ্রন্থে কঠোরভাবে নিষিদ্ধ করা হয়েছে।
তাদের অর্জন এ মহান স্বর্গরাজ্যের জন্য হুমকি
তাই প্রয়োজন বাজেট যা দেবে গরীব প্রজারা।
তাদের রক্তমাংসে পূরণ হবে দরকারি বরাদ্দ।
এই বিনিয়োগের ফলাফল নির্দোষ ও বিশুদ্ধ।
উপমানবদের বাসতি হবে বসবাসের অযোগ্য
আর তারা হয়তো তাদের মৃত্যু ভিক্ষা চাইবে।
শ্বেত মুখেরা অবশ্যই হলুদ গম্বুজটি রক্ষা করবে।
শ্রেষ্ঠ প্রজাতিই টিকে থাকবে এ নির্মূল অভিযানে।



