
তোমার লালাভ ঠোঁটে ভেসে আসে মেঘের মদিরা,
কি গভীর প্রেম জাগে তৃষার্ত চোখের কাজলে?
বিন্যস্ত কেশদামে, নিশিথের শেষ যবনিকা…
শ্রাবণের জলধারা আজ রাতে সমুদ্র পিয়াসি,
কিছুই পাইনি খুঁজে ফিরে পাওয়া সেই স্মিত হাসি।
বিকেলের অস্তরাগে সমুদ্র সৈকতে কে খুঁজিতে চাহে আপনারে?
দেখিতে চেয়েছি যারে সুগভীর অনুরাগে বারে বারে স্মৃতির গহ্বরে।
গোধূলির মদিরতা বারেবারে চেয়ে দেখা
হরিণীর চোখের কাজল,
কেন নিশীথের সাথে ছলনার কোন আবেশে এনেছ জ্যোৎস্না প্লাবন?
তোমারে দেখিতে এসে মল্লিকা অবশেষে কণ্ঠে জড়ালো সৌরভ,
এ মধু রজনী সুধা অভিসারের নেই দিশা
শুধু বিরহী হৃদয়ে অনুভব।



