
ইমন হোসেন
সুহাসিনী তুমি বেঁধেছ আমায় মায়ার শিকলে,
পরেছি গলায় তোমার প্রেমের রাঙা জহরত,
বুকের ঝিনুকে ফুটে ওঠো তুমি মুক্তা কণার মতো,
বলো না কিভাবে থাকব দূরের নীল দাবানলে!
রিক্ত আমার হৃদয়ে অসীম স্নেহের তৃষ্ণা,
শ্রেয়সী তুমিই দিয়েছ কেবল মমতার জল;
পরিচর্যায় ফুটিয়েছ ফুল বিরান ভূমিতে,
জানি ঝরবে না এই ভোর কভু তোমার ছায়ায়!
সুভাষিণী তুমি হৃদয়ে ছড়াও অজস্র ফুল,
কথারা তোমার তুলছে হিয়ায় পাখির কূজন,
সকাল, দুপুর, রাত্রি সাজাও সাতরঙ মেখে,
তোমার ছোঁয়ায় আমি যেন আজ রাঙা রঙধনু!
যেখানেই যাই আকাশের মতো ঘিরে থাকো যেন,
অনুভূতি জুড়ে তোল কল্লোল দিবস-রজনী।
জলনিমগ্ন শঙ্খের মতো, ডুবি যে তোমার প্রেমের মদ্যে!
প্রেয়সী তোমার জোসনায় ভিজে সাজাই প্রহর,
অধরে তোমার আঁকি আল্পনা সুখের তুলিতে,
বাহুডোরে তুমি বাঁধলে আমায়,জড়ালে ইন্দ্রজালে!
হাসি কান্নায় তুমি যে গোধূলি ভুবনে আমার,
জন্মের পর জন্মান্তরে চাইব তোমায়,
থেকে যেও তুমি প্রেমে-অপ্রেমে!
যদি চলে যাই সমাধিতে দিও,
অশ্রু সিক্ত একটি গোলাপ!



