প্রবাস

বিএনপির দুই দিনের রোজা রাখার কর্মসূচি

সৌদি আরব প্রতিনিধি: বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার কারা মুক্তির জন্য মধ্যপ্রাচ্যের দেশে দেশে দুই দিনের রোজা রাখার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। বিএনপির সৌদি আরব শাখার পক্ষ থেকে এক বিবৃতিতে এ কথা জানানো হয়েছে।

বিবৃতিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সৌদি আরব বিএনপির সভাপতি আহমেদ আলী মুকিব বলেন, ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তির জন্য আগামীকাল বৃহস্পতিবার ও পরের দিন শুক্রবার মধ্যপ্রাচ্যের দেশগুলোতে রোজা রাখার কর্মসূচি ঘোষণা করা হয়েছে।’

এসব দেশে অবস্থানরত সর্বস্তরের নেতাকর্মীদের উল্লিখিত দুই দিন রোজা রাখারও অনুরোধ জানান তিনি।

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় আদালত। এরপর থেকেই ঢাকার নাজিম উদ্দিন রোডের পুরনো কেন্দ্রীয় কারাগারে রয়েছেন খালেদা জিয়া। এদিকে, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায়ের ষষ্ঠ দিনেও (মঙ্গলবার) সার্টিফায়েড কপি পাননি খালেদা জিয়ার আইনজীবীরা। ফলে পিছিয়ে গেছে তার আপিল আবেদন। খালেদা জিয়ার আইনজীবী সানাউল্লাহ মিয়া গতকাল বলেছেন, রায়ের কপি বুধবার পেলে পরদিন আপিল ফাইল করা হবে।

উল্লেখ্য, জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় অপর একটি মামলা করে দুদক।

২০১০ সালের ৫ আগস্ট তাদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক হারুন-অর-রশীদ। ২০১৪ সালের ১৯ মার্চ তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন ঢাকার তৃতীয় বিশেষ জজ আদালতের বিচারক বাসুদেব রায়।

বৃহস্পতিবারের রায়ে তারেক রহমানসহ অন্য আসামিদের ১০ বছর করে কারাদণ্ড ও অর্থদণ্ড করা হয়। মামলার অন্য আসামিরা হলেন— মাগুরার সাবেক এমপি কাজী সালিমুল হক কামাল, ব্যবসায়ী শরফুদ্দিন আহমেদ, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সচিব কামাল উদ্দিন সিদ্দিকী ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ভাগ্নে মমিনুর রহমান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension