
শাহজালাল সুজন
যুগের জনমে লহরে কেঁদেছি
জঠর বাঁধন ছিঁড়ে,
অনল আঁচের ধাপিত ধূপের
ধূসর শ্বাসকে ঘিরে।
বুকের মাঝেতে গুমোট যাতন
চিরিয়া করেছে ক্ষয়,
বেদনার ধ্বনি করুণ সুরেতে
নেই মহীয়ান জয়।
দুঃখ পসরা সাজিয়ে বসেছি
দুঃখের মালা গাঁথি,
দিন রজনীর কালের হালেতে
বিবর্ণ রঙ সাথী।
ফিরিস্তি লিখে উপাখ্যানে সব
দেখেছি আঁধার খুলে,
সময়ের ফের ধরিয়ে দিয়েছে
বেনামি টিকেট ভুলে।



